অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের পালা। শেষ আটের টিকিট কেটেছে স্বাগতিক ফ্রান্স, ব্রাজিল, কানাডা, জার্মানি, স্পেন, কলম্বিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।
জাপান-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শনিবার গড়াবে কোয়ার্টারের লড়াই। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ও ১টায়। শেষ চারের লড়াইয়ে হেরে যাওয়া দুদল ৯ আগস্ট ব্রোঞ্জপদকের জন্য খেলবে। ১০ আগস্ট ফাইনাল দিয়ে নির্ধারিত হবে স্বর্ণ ও রৌপ্যপদক বিজয়ী।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ার্টারে প্যারিসে মুখোমুখি হবে জাপান-যুক্তরাষ্ট্র। একইদিনে রাত ৯টায় লিওঁতে স্পেন-কলম্বিয়া ও মার্শেইয়ে রাত ১১টায় শুরু হবে কানাডা-জার্মানির মেয়েদের মাঠের লড়াই। নতেঁতে রাত ১টায় ব্রাজিলের বিপক্ষে খেলবে স্বাগতিক ফ্রান্স।
তিন গ্রুপ থেকে সেরা তৃতীয়স্থানের দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল ও কলম্বিয়া। বোর্দোয় স্পেনের কাছে ২-০ গোলে হারের পরও শেষ আটের টিকিট পেয়েছে ব্রাজিল। ম্যাচে স্পেনের ওলগা কারমোনাকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেলেসাও কিংবদন্তি মার্তা।








