আগের চেয়ে ভালো আছেন, তবে শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ

নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো শঙ্কামুক্ত নন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার নাট্যদল আরণ্যক নাট্যদল।
এক বিবৃতিতে আরণ্যক নাট্যদল জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
পোস্টে বলা হয়, ‘আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।’
নিউমোনিয়া এবং ফুসফুসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছে নাট্যদলটি। একই সঙ্গে সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনায় মামুনুর রশীদ দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে আরণ্যক।
এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগের চার দিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।
উল্লেখ্য, গত বছর ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। দেশে ফেরার পর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।





