ক্রিকেট

বোলিং দাপটে ম্যাচের সাথে সিরিজও জিতে নিলো বাবরের পাকিস্তান

বোলিং দাপটে ম্যাচের সাথে সিরিজও জিতে নিলো বাবরের পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বোলিং তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। বোলারদের নৈপুণ্যে ৮ উইকেটের জয় তুলে বাবর আজমের দল ১-০তে সিরিজ জিতে নিয়েছে। প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়েছে।

প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৩২৫ রান করে প্রথম ইনিংসে ২২৭ রানের বড় লিড নেয় পাকিস্তান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩১৬ রানে থামে লঙ্কানরা। ৯০ রানের জয়ের লক্ষ্য দিতে পারে স্বাগতিকদের। ২ উইকেটে ৯০ রান তুলে চতুর্থ দিনেই জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। সোনাল দিনুশা ২১ রান করেন। বাকিদের কেউই দুঅঙ্কের ঘর যেতে পারেননি। ৩৫.৩ ওভারে থামে লঙ্কানদের প্রথম ইনিংস।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ এবং আমির জামাল নেন ৩টি করে উইকেট। বাকি উইকেটটি নেন সাকিব খান।

জবাবে নেমে পাকিস্তানের হয়ে অর্ধশতক পান গাজি ঘোরি। ৯০ বলে ৪ চারে ৫৪ রান করেন। ওপেনার আজান আওয়াইস ১০৪ বলে ৪৭ এবং তৈয়্যব আরিফ ৮২ বলে ৪৬ রান করেন। শেষদিকে রাজাউল্লাহ ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ এবং সাকিব খান ৭৮ বলে ৩৭ রান করেন। প্রথম ইনিংসে ৮৭.৫ ওভারে তিনশ পার করে থামে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নেন লাহিরু কুমারা। ৩ উইকেট নেন আসিথা ফার্নান্দো। একটি করে উইকেট নেন প্রভাত জয়াসুরিয়া ও মিলান রত্নায়েকে।

২২৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন মিলান রত্নায়েকে, ৮৮ বলের ইনিংসে ১২ চারের মার ছিল। সোনাল দিনুশা ১১৯ বলে ৫৪ এবং অধিনায়ক কুশল মেন্ডিস ১২৬ বলে ৫৩ রান করেন। পাসিন্দু সূর্যবান্দারার থেকে আসে ৩৮ রান। ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৭ রান। ৯৫ ওভারে তিনশ পেরিয়ে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও আমির জামাল। ২ উইকেট নেন রাজাউল্লাহ। একটি করে উইকেট নিয়েছেন সালমান আলী আগা ও সাকিব খান।

৯০ রানের লক্ষ্যে নেমে তৈয়্যব আরিফ (১৩) ও মোহাম্মদ তাহার (৪) উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আজান আওয়াইস ও আমির জামাল। আজান ৩৬ বলে ৫ চারে ৩২ এবং চারে নামা আমির ২২ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। ১৩ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো।

বিষয়:পাকিস্তান শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…