অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২৪ হাজার ৬৭৬ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ১৮ নভেম্বর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে মোট ২০৫ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন। এর মধ্যে শুধু ১৭ নভেম্বর একদিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

বিষয়:বৈদেশিক মুদ্রা রিজার্ভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…