চলছে বাচসাস নির্বাচনের ভোট গ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন চলছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে ১টা পর্যন্ত। জুম্মার নামাজের বিরতির পর দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এই নির্বাচনের ভোটার সংখ্যা ৫২৫টি। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি আবদুর রহমান–রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল, অন্যটি কামরুল হাসান দর্পন ও আহমেদ তেপান্তর প্যানেল। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ।
দুই প্যানেলই জয় পেতে বিগত একমাস ধরে জোর প্রচারণা চালিয়েছে। নির্বাচনে জয়ী হলে বাচসাসের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতির পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সংগঠন বাচসাস। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। পরবর্তী সময়ে ১৯৭৩-৭৪ সালে সংগঠনটি নতুন করে পুনরুজ্জীবিত হয়।
চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে বাচসাস পুরস্কার প্রবর্তন করে সংগঠনটি। দীর্ঘ পথচলায় দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাচসাস।






