জনপদ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের ভাষ্য, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি।

আফজাল হোসেন বলেন, প্রতিমন্ত্রীর বাসায় আগুন দেওয়া হয়নি। বাসার সামনের গলির প্রবেশপথের কাছে অগ্নিসংযোগ করা হয়েছে। ওই গেট পার হয়ে ভেতরে বেশ কয়েকটি বাসা রয়েছে, যার একটি প্রতিমন্ত্রীর।

তিনি আরও বলেন, কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রোল বোমার মতো কিছু ছিল না। এ ঘটনায় কেউ আহত হননি।

ওই বাসায় বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।

খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

বিষয়:পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ পেট্রোল বোমা নিক্ষেপ হুমায়ূন কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…