মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আপাতত খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের এই অবস্থান ব্যাখ্যা করেন।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতি শুধু ইরান নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও ‘জিম্মি’ করে রেখেছে। একই সঙ্গে তিনি ইসরায়েল-এর বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তোলেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী। চুক্তি ভঙ্গ, অবরোধ এবং ধারাবাহিক হুমকি কার্যকর আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিবভ্যাট জানিয়েছেন, এই সম্প্রসারণের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এরই মধ্যে আরও বেড়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দুটি কার্গো জাহাজ ‘তল্লাশির জন্য জব্দ’ করেছে বলে জানিয়েছে। সংস্থাটির দাবি, জাহাজগুলো অনুমতি ছাড়া চলাচল করছিল এবং সামুদ্রিক নিয়ম ভঙ্গ করেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায়, চলমান উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।








