ইরান ফুটবল দলের উড়োজাহাজকে বসরায় নামতে দেয়নি ইরাক

ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি এয়ারলাইনসের উড়োজাহাজ নিয়ে ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা।
অবতরণের অনুমতি না পেয়ে উড়োজাহাজটি ইরানে ফিরে যায় এবং দেশটির আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে ইরানের দলটি সড়কপথে বসরায় যাবে বলে জানিয়েছেন সেখানে নিযুক্ত ইরানি কনস্যুলেটের এক কর্মকর্তা।
ইরাক, ইরান, লেবানন ও ফিলিস্তিনকে নিয়ে বসরায় আয়োজিত চার জাতির একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল ইরান। তবে উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার ঘটনায় দলটির যাত্রায় বিঘ্ন ঘটে।
ইরাকের এক বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি নিতে চায়নি ইরাক। সে কারণেই ইরানি উড়োজাহাজটিকে বসরায় অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইরানি এয়ারলাইনসের সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর লক্ষ্য ইরানের পুরো বেসামরিক বিমান বহরের কার্যক্রম ব্যাহত করা।
এর আগে সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ইরাক। ইরানের উড়োজাহাজকে সেবা দেওয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকির পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, ইরানি এয়ারলাইনসকে সেবা দেওয়া বিমানবন্দরগুলোও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে তাদের।





