সিরিকে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিরিক শহরে হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলার দাবি সামনে আসে। ইরানের হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত মার্কিন রাডারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, এই হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। হামলার আগে ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, সরকারি সূত্রগুলো সিরিকে সামরিক ধরনের হামলার খবর নিশ্চিত করেছে। তবে কারা এই হামলা চালিয়েছে, কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হতাহতের বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত সিরিক। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
তবে সিরিকে হামলা এবং বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে আইআরজিসির পাল্টা হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।





