চোটের কারণে লম্বা সময় ধরে ব্রাজিলের জার্সিতে খেলতে পারছেন না নেইমার। সবেশষ চোটে পড়ার পর জাতীয় দলের জার্সিতে মিস করেছেন ১৪টি ম্যাচ। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বেও খুব বেশি ভালো অবস্থানে নেই সেলেসাওবাহিনী। তবে ২০২৬ বিশ্বকাপে খেলার কথা ভাবছেন ৩২ বর্ষী নেইমার।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো- ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’
আগামী বছর মার্চে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষা করছেন। এ বিষয়ে বলেছেন, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’







