দুদিন আগে নেইমার-আল হিলালের মধ্যে সমঝোতায় চুক্তি বাতিল হয়েছে। স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা। নেইমারের শূন্যতা পূরণে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর দিকে নজর পড়েছে সৌদি প্রো লিগের দলটির, দিতে চায় কাড়িকাড়ি অর্থও। তবে ইউরোপের গণমাধ্যমে খবর, এরইমধ্যে প্রস্তাব প্রত্যাখ্যানও করে দিয়েছেন ২৪ বর্ষী ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, রদ্রিগোকে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার কাছাকাছি। এক মৌসুমে তার মূল্য দাঁড়াবে ১৪০ মিলিয়ন ইউরো। যা রীতিমতো অবিশ্বাস্য। ওই মূল্যে রদ্রিগো সৌদিতে গেলে সেটি হবে বিশ্বরেকর্ড।
দারুণ ছন্দে আছেন রদ্রিগো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুম্যাচে ৪ এবং লা লিগার শেষ ৫ ম্যাচে ৮ গোলে (গোল ও অ্যাসিস্ট) অবদান ছিল তার। তারকায় ঠাসা দলেও রদ্রিগো যে সুযোগ কাজে লাগাতে হাতছাড়া করেন না তারই প্রকাশ মিলেছে।







