‘পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি’

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি।
তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রচার করছে।
তিনি বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।
তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।
বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান তিনি।
রিজভী বলেন, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই মহিমান্বিত বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে।
বিজয় দিবস আগামী বছরগুলোতেও জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির মধ্যে শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।





