মৃত্যুর সংবাদ কি আসলেই সত্য, পরে যা জানা যায়

মৃত্যুর গুজব ও ফ্যাক্টচেক
দেশের জনপ্রিয় গায়িকা রুনা লায়লা একদিন সকালে উঠে দেখলেন, তিনি নাকি মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুসংবাদ ঘুরছে, পরিচিতজনেরা ফোন করছেন, কেউ কেউ শোকও জানিয়ে ফেলেছেন। অথচ তিনি বেঁচে আছেন। শেষে তাকেই জানাতে হলো, তথ্যটি সত্য নয় এটি আসলে গুজব। একজন জীবন্ত মানুষকে যখন নিজের বেঁচে থাকার কথা ঘোষণা করতে হয়, তখন বুঝতে হয় সমস্যাটা শুধু একটা ভুল খবরের নয়।
রুনা লায়লা একা নন। সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অভিনেত্রী শাবনূর, অভিনেতা এটিএম শামসুজ্জামান, একেকজনকে একেক সময়ে অনলাইনে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। একই মানুষকে একাধিকবার মেরে ফেলার ঘটনাও কম নয়। একবার মিথ্যা খবর ছড়িয়ে পড়লে সেটা থেমে থাকে না, বরং কিছুদিন পরপর নতুন মোড়কে ফিরে আসে।
ডিসমিসল্যাবের একটি গবেষণা এই প্রবণতার আকারটা চোখের সামনে এনে দেয়। তিন মাসে তারা ১৫৯টি ভুয়া সেলিব্রিটি-মৃত্যুর ভিডিও শনাক্ত করেছে। এর মধ্যে ৯৬ শতাংশ ক্ষেত্রে যাকে মৃত বলা হয়েছিল, তিনি জীবিত ছিলেন। বিনোদন জগতের মানুষই সবচেয়ে বেশি শিকার হলেও রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, ধর্মীয় বক্তা, কেউই বাদ পড়ছেন না।
খবর নয়, ব্যবসা
এত মৃত্যুসংবাদ তৈরি হচ্ছে কেন, তার একটা বড় উত্তর টাকা। ইউটিউব, ফেসবুক, টিকটকের হিসাবটা সোজা। যত ক্লিক, যত ভিউ, যত শেয়ার, তত বেশি ছড়ায় আর তত বেশি আয়। মৃত্যুর খবর মানুষের আবেগে সবচেয়ে জোরে ধাক্কা দেয়। পরিচিত কারও মৃত্যুসংবাদ দেখলে অনেকেই সত্যি কি না জানতে ক্লিক করেন, কেউ শোক জানান, কেউ পরিচিতদের জানাতে শেয়ার করেন। এই প্রতিক্রিয়াগুলোই আসলে মিথ্যা খবরটাকে আরও দূরে পৌঁছে দেয়।
যিনি গুজবটা বানান, তার কাছে খবর সত্য কি না সেটা বড় কথা নয়। বড় কথা, মানুষ কতটা নড়ে উঠল। এই হিসাবের কাছে সাংবাদিকতার সবচেয়ে সাধারণ নিয়মটাও হেরে যায়, খবর ছাপানোর আগে যাচাই করে নেওয়া। আর এখন তো ভুয়া খবর বানানোও অনেক সহজ। পরিচিত সংবাদমাধ্যমের লোগো, ফটোকার্ডের নকশা, খবর পড়ার ভঙ্গি, সব নকল করা যায়। কোথাও পুরোনো হাসপাতালের ফুটেজ, কোথাও অন্য কারও শোকসভার ভিডিও, কোথাও এআই দিয়ে বানানো ছবি জুড়ে দিলে মিথ্যা দাবিটা আসল খবরের মতো দেখায়। এগুলো বেশির ভাগই করে থাকেন বিভিন্ন বেনামী পেজ বা অনিবন্ধিত পোর্টাল। তবে মাঝে মাঝে নামকরা অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানও এ ভুল করে থাকেন।
শুধু ভিউয়ের খেলা নয়
সব গুজব কিন্তু টাকার জন্য নয়। রাজনৈতিক নেতাকে নিয়ে মৃত্যু বা অসুস্থতার মিথ্যা খবর ছড়ালে সেটা সমর্থকদের উদ্বিগ্ন করে, বিরোধীদের উসকে দেয়, আর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম এখন জনমত গড়ার বড় জায়গা। উত্তেজনার সময়ে একটা যাচাইহীন ভিডিও বা সম্পাদিত ছবি কত দ্রুত আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে, তা কমবেশি সবাই দেখেছি।
তবে সব ভুয়া মৃত্যুসংবাদকে রাজনৈতিক ষড়যন্ত্র ভেবে নেওয়াও ভুল হবে। কোনোটা স্রেফ আয়ের জন্য, কোনোটা রাজনৈতিক উদ্দেশ্যে, আবার কোনোটা পুরোনো ছবি ভুলভাবে প্রচারের ফল। উদ্দেশ্য যা-ই হোক, ক্ষতিটা থেকেই যায়।
যাচাই না করে বিশ্বাস কেন
প্রযুক্তি একদিকে দায়ী, মানুষের মনও আরেক দিকে। মৃত্যু এমন একটা খবর, যা শুনলে আগে ধাক্কা লাগে, যাচাইয়ের কথা পরে মনে পড়ে। সেই ধাক্কার মুহূর্তে কমেন্ট করা বা শেয়ার করাটাই অনেকের কাছে বেশি জরুরি মনে হয়।
আগে থেকে তৈরি ধারণাও কাজ করে। কোনো মানুষ সম্পর্কে মনে যেটা বসে আছে, খবরটা সেটার সঙ্গে মিলে গেলে সেটা সহজে বিশ্বাস হয়ে যায়। চেনা সংবাদমাধ্যমের লোগো বা টিভির স্ক্রিনশট দেখলে সন্দেহ আরও কমে আসে। আর একটা পোস্টে যখন শত শত মন্তব্য আর শোকের ঢল দেখা যায়, ব্যবহারকারী ধরে নেন খবরটা নিশ্চয়ই ঠিক। অথচ এই ভিড় কোনো কিছুর সত্যতা প্রমাণ করে না। বরং মিথ্যা একটা দাবি বহু মানুষের অংশগ্রহণে আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
ক্ষতিটা শুধু একজনের নয়
একজন বেঁচে থাকা মানুষকে মৃত বলে দেওয়া নিছক তথ্যের ভুল নয়। তার মানসিক চাপ, পরিবারের আতঙ্ক, হঠাৎ খবর দেখে বন্ধু-সহকর্মীদের বারবার ফোন করে খোঁজ নেওয়া, এসব মিলিয়ে একটা মানুষকে অকারণে বিপর্যস্ত করে দেওয়া হয়।
আরও বড় ক্ষতি হয় তথ্যের বিশ্বাসযোগ্যতায়। বারবার ভুয়া খবর দেখতে দেখতে মানুষ আসল খবরকেও সন্দেহ করতে শুরু করে। কোনটা সত্য, কোন সূত্রকে বিশ্বাস করা যায়, এই বিভ্রান্তি বাড়তে থাকে। শেষে এমন অবস্থা তৈরি হতে পারে যে মানুষ ভাবতে শুরু করে, অনলাইনে কিছুই আর বিশ্বাস করা যায় না। এই অবিশ্বাসও বিপজ্জনক, কারণ তখন যাচাই করা সত্য খবরও মানুষ উড়িয়ে দিতে পারে।
দায়টা শুধু ব্যবহারকারীর নয়
এআই আসার আগেও পুরোনো ছবি, বানানো শিরোনাম, নকল ফটোকার্ড ছিল। প্রযুক্তি কেবল কাজটা সহজ করে দিয়েছে। মূল সমস্যাটা তথ্যের প্রতি দায়িত্বহীনতা, আর যাচাই না করে বিশ্বাস ও প্রচারের অভ্যাস।
তাই পুরো দায় ব্যবহারকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। প্ল্যাটফর্মগুলোকে তাদের কনটেন্ট আর বিজ্ঞাপন নীতিতে ইচ্ছাকৃত ভুয়া খবর দ্রুত শনাক্ত করতে হবে। রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ, দ্য ডিসেন্ট, ডিসমিসল্যাব, নিউজচেকার, এএফপি বাংলাদেশের মতো ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের কাজ এখন আগের চেয়ে বেশি দরকারি। প্রচলিত সংবাদমাধ্যমেরও দায় আছে, সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো মৃত্যুসংবাদ ছাপার আগে পরিবার বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য নিশ্চিত করা। দ্রুত খবর দেওয়ার তাড়ায় যাচাই বাদ দিলে সংবাদমাধ্যমও গুজব ছড়ানোর অংশীদার হয়ে যায়।
শেয়ারের আগে একটু থামুন
একটা ভুয়া মৃত্যুসংবাদ বানাতে কারও কয়েক মিনিট লাগে। কিন্তু সেটা ছড়িয়ে পড়ার পর যে বিভ্রান্তি তৈরি হয়, তা সারাতে অনেক সময় লাগে। সত্যিটা প্রকাশ পাওয়ার পরও প্রথম মিথ্যা খবরটাই অনেকের মনে গেঁথে থাকে।
তাই পরিচিত কারও মৃত্যুসংবাদ দেখলে আগে শেয়ার নয়, আগে খোঁজ। নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের ওয়েবসাইট, সংশ্লিষ্ট মানুষের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট কিংবা পরিবারের বক্তব্য দেখে নিন। শুধু একটা ফটোকার্ড বা ভিডিও দেখে সেটাকে নিশ্চিত খবর ধরে নেওয়া ঠিক নয়।
একটা ক্লিক কখনো শুধু ভিউ বাড়ায় না। সেটা একজন বেঁচে থাকা মানুষের জীবনে অকারণ আতঙ্ক আর ক্ষতিও তৈরি করতে পারে। কারও মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার আগে তাই একবার থামাটা জরুরি।
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)






