রিয়াল মাদ্রিদে কী এই ঐতিহাসিক পরিবর্তনের পথে পেরেজ

রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ১০ বিলিয়ন ইউরোর একটি নতুন বাণিজ্যিক কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন তিনি। যেখানে সিংহভাগ মালিকানা ক্লাবের হাতেই থাকবে। তবে বিশাল প্রকল্পটি বাস্তবায়নের আগে ক্লাব সদস্যদের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন পড়বে।
কিছুদিন আগে ক্লাব সদস্যদের বর্তমান মালিকানা কাঠামোর প্রতি পুনরায় আস্থা জুগিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাবের ভবিষ্যৎ যে কেবল সদস্যদের হাতে থাকবে তা স্পষ্ট করে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ করবেন কেবল এর সদস্যরা। অতীতেও এমনই ছিল, ভবিষ্যতেও এমনই থাকবে।’
বাইরের সম্ভাব্য হুমকি রুখতে মেগা প্রকল্পটি হাতে নিয়েছেন পেরেজ। একই কারণে গত গ্রীষ্মে দেড় বছরের মাথায় আগাম নির্বাচন ডেকেছিলেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন, পরিকল্পনার আওতায় ‘রিয়াল মাদ্রিদ মাদ্রিদিস্তাস এসএল’ নামে একটি নতুন বাণিজ্যিক কোম্পানি গঠন করা হবে। এটি ক্লাবের মূল কার্যক্রম ও ব্যবসায়িক দিকগুলো পরিচালনা করবে। এই কোম্পানির ৮০ থেকে ৯০ শতাংশ শেয়ার থাকবে রিয়াল মাদ্রিদের হাতে। বাইরের বিনিয়োগকারীরা ৫ থেকে ১০ শতাংশ শেয়ার নিতে পারবেন, তবে আপাতত ৫ শতাংশই চূড়ান্ত।
প্রাথমিক হিসাবে ৫ শতাংশ শেয়ারে ৫০ কোটি ও ১০ শতাংশ শেয়ারে ১০০ কোটি ইউরো বিনিয়োগ করতে হবে। এতে স্পোর্টস কোম্পানি না হয়েই বড় অঙ্কের অর্থ পাবে রিয়াল মাদ্রিদ।
ইতিমধ্যে ক্লাবটির বোর্ড এ পরিকল্পনায় সমর্থন জানিয়েছে এবং নতুন কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। ক্লাবের জেনারেল ম্যানেজার ও বোর্ড সদস্য হোসে আনহেল সানচেজ বর্তমানে এর একমাত্র প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ক্লাবের মূল ব্যবসায়িক কার্যক্রম নতুন প্রতিষ্ঠানের অধীনে যাবে।
তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। ক্লাবের সদস্যদের গণভোটে প্রকল্পটি উত্থাপনের আগে মাদ্রিদ সভাপতিকে সাধারণ সভার অনুমোদন নিতে হবে।






