চোট কাটিয়ে দীর্ঘ একবছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। দুই সপ্তাহ যেতে না যেতেই আবারও চোটে পড়লেন ব্রাজিলীয় তারকা। আল হিলালের হয়ে খেলতে নেমে ডান পায়ের মাংসপেশীতে টান লাগায় মাঠ ছাড়েন ৩২ বর্ষী ফরোয়ার্ড।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাতে ইস্তেঘাল এফসিকে ৩-০তে হারিয়েছে নেইমারদের আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ করেছেন হ্যাটট্রিক।
৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। পুরোটা সময় খেলতে পারেননি। ২০ মিনিটের মাথায় সতীর্থ মার্কাস লিওনার্দোর একটি পাস নাগালে পাননি নেইমার। তখনই পেশীতে টান লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। বাধ্য হয়ে আল হিলাল কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। একবছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে ৪২ মিনিট খেলতে পারলেন।
ঊরুর মাংসপেশীর চোটে পড়েছেন নেইমার। চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে। সেরে উঠতে কতটা সময় লাগবে সেটি এখনও পরিষ্কার নয়।







