পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রঙ পরিবর্তন করা হয়েছে। কিছু নমুনা পোশাক থেকে তিন বাহিনীর জন্য তিনটি রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ (২০ জানুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে। ধীরে ধীরে তা কার্যকর হবে।
‘নতুন পোশাকে বাড়তি অর্থ খরচ হবে কি না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না।
বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।
এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।








