চীনের গ্রামীণাঞ্চল ও ছোট শহরগুলোর বিপুল জনগোষ্ঠীর ভোক্তা চাহিদা বাড়াতে এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথভাবে জারি করা নির্দেশিকায় কাউন্টি বা উপজেলা পর্যায়ের বাণিজ্যিক কেন্দ্র ও গ্রামীণ বাজার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর নতুন শাখা খোলার সুযোগ তৈরি এবং বিদ্যমান ভূমি সম্পদের কার্যকর ব্যবহারের কথা বলা হয়েছে।
নীতিমালায় প্রবীণ ও শিশুদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা, দক্ষ নগর-গ্রামীণ সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্থানীয় বাসিন্দাদের আয় বাড়ানোর সুযোগ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।
চীনের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ এবং দেশটির খুচরা পণ্যের মোট বিক্রির ৬০ শতাংশই তৃতীয় বা তার চেয়ে ছোট শহর, কাউন্টি ও গ্রাম নিয়ে গঠিত নিম্ন-স্তরের বাজারগুলো থেকে আসে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে গ্রামীণ এলাকায় খুচরা পণ্যের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি শহরাঞ্চলের তুলনায় বেশি।
এদিকে ম্যাককিনজির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ব্যক্তিগত ভোগব্যয়ের প্রায় ৬৬ শতাংশই নিম্ন-স্তরের বাজারগুলো থেকে আসতে পারে।










