জনপদ

২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন শ্রেণির বই হাতে নিয়ে বাড়ি ফিরবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বর্তমান সরকার ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার বিতরণ, শিক্ষকদের পুরস্কৃত করা এবং কারিগরি শিক্ষার প্রসারে নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, নতুন বই বিতরণের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের বই গত ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ের বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে প্রতিবছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হতো। কিন্তু পরবর্তী সময়ে আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে নির্ধারিত সময়ে বই বিতরণ সম্ভব হয়নি। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের যথাসময়ে বই পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:নতুন বই শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…