ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি

সংগৃহীত
বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে এসব হুমকিকে ভুয়া বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে।
শিক্ষামন্ত্রী টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, বিপুলসংখ্যক স্কুলকে লক্ষ্য করে হুমকি দেওয়ার বিষয়টিই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। রোমের একটি স্কুল অভিভাবকদের বার্তায় জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি ইমেইলের অনুলিপিতে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়েও একই পরিচয়ে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল।
রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে ইতালির পুলিশ।
এদিকে, ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোতে নাশকতামূলক তৎপরতার পেছনে মস্কোর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ধরনের কর্মকাণ্ডে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। গত সপ্তাহে সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর অচল হয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বুধবারের ঘটনাকে ‘ভীতি ছড়ানো ও আতঙ্ক তৈরির সুস্পষ্ট কৌশল’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে সবসময় বিদেশি রাষ্ট্র বা শত্রুভাবাপন্ন গোষ্ঠী জড়িত থাকে না। ব্যক্তিগতভাবে আতঙ্ক ছড়াতে আগ্রহী ব্যক্তিরাও এমন কাজ করতে পারে।
ইতালির স্কুলপ্রধানদের সংগঠনের প্রধান আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, এসব হুমকির ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকিগুলো ভুয়া হলেও এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পুরো শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।





