শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হলে চলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, আধুনিক সমস্যার সমাধান এবং সামগ্রিক কৃষি খাতের রূপান্তরের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমির ২৫তম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আগামী দিনের চ্যালেঞ্জ কেবল উৎপাদন বৃদ্ধি নয়; সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ। একই জমিতে অধিক উৎপাদন, উৎপাদন খরচ কমানো, পণ্যের মান উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব তুলে ধরে ড. মিলন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হলে চলবে না। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আধুনিক সময়ের সমস্যার সমাধান এবং সামগ্রিক কৃষি খাতের রূপান্তরে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে।

গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিবছর বিজ্ঞানী ও গবেষকেরা অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। কিন্তু এসব গবেষণা ও উদ্ভাবনের সুফল বাস্তবে কতজন কৃষকের কাছে পৌঁছাচ্ছে, সেটিও বিবেচনায় রাখতে হবে। গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন এর সুফল মাঠপর্যায়ে কৃষকের উৎপাদন ও জীবনমান উন্নয়নে কাজে লাগবে।

কৃষিতে দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি যন্ত্রপাতি পরিচালনা, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয়:বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…