টানা দুই ম্যাচে জয় তুলে দারুণভাবে বিশ্বকাপ অভিযানে এগোচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কিউই দলটি। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা মিচেল স্যান্টনার বলছেন, বাংলাদেশের স্পিন খেলা হবে তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম স্পিন নির্ভর পিচ, যেখানে লড়বে টাইগার-কিউই দল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা স্যান্টনারের জন্য ঘরের মাঠই বলা চলে। সেখানে বাংলাদেশের স্পিনাররা ভালো করবেন, বলছেন বাঁহাতি স্পিনার।
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষদিকে ঝড়ো ইনিংস আর বল হাতে ৫ উইকেট নেয়া স্যান্টনার বলছেন, ‘টুর্নামেন্টে আমাদের চেন্নাই যেতে হবে এবং সেখানে কিছুটা স্পিন নির্ভর হওয়ার কথা। যা আমরা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও দেখতে পেয়েছি। পরের ম্যাচে আমরা সেখানে বাংলাদেশের বিপক্ষে খেলব। স্পষ্টতই তাদের ভালো স্পিনার রয়েছে। বিশ্বকাপে অন্য খেলার মতোই এটি একটি চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে।’
ডাচদের বিপক্ষে জয়ের ম্যাচে বড় অবদান ছিল স্যান্টনারের। ১৭ বলে দুই ছক্কা ও তিন চারে খেলেন ৩৬ রানের বিস্ফোরক ইনিংস। পরে দারুণ বোলিংয়ে ৫৯ রানে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৭ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। সেবারই প্রথম জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। দীর্ঘ বিরতির পর আবারও একই অভিজ্ঞতা হল তার।








