নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট। তার দাবি নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন বিদায়ী প্রধানমন্ত্রী।
রোববার (১৫ নভেম্বর) এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ইসরায়েলের মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতা আইজেনকোট নেতানিয়াহুর প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, নেতানিয়াহু জানেন নির্বাচনে তিনি হেরে গেছেন। তাই নতুন সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করতেই ঐক্যের সরকারের কথা বলছেন।
আইজেনকোট বলেন, লিকুদ পার্টির নেতাদের এমন আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। নেতানিয়াহু ও তার সহযোগীরা নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, আলোচনার বিষয়ে এরইমধ্যে সমঝোতা হয়েছে। অথচ নেতানিয়াহু নতুন করে আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বললেও বিভেদ ও উসকানি ছড়াচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। পরে এক ভিডিওবার্তায় ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ওই বৈঠক তার এই বিশ্বাস আরো দৃঢ় করেছে যে জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি।
নেতানিয়াহুর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তিনি বলেন, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।
তবে নেতানিয়াহুর এই আহ্বানে সাড়া না দিয়ে তার বক্তব্যকে কৌশলী রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন আইজেনকট। তার মন্তব্যে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অপরদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে যায়।
এরইমধ্যে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।






