কাজ চেয়েছিলেন বলিউডে, প্রস্তাব পেলেন হলিউড থেকে!

সম্প্রতি বলিউড অভিনেতা শরদ কাপুরের কাজ চেয়ে করা একটি আবেগঘন আবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। চলচ্চিত্রশিল্পের সহকর্মী ও জ্যেষ্ঠ অভিনেতাদের কাছে কাজের সুযোগ চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেই আবেদনের পর এবার সুখবর দিলেন অভিনেতা।
হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এইচটি সিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি ও পেশাগত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন শরদ কাপুর। তিনি জানান, গত সাত বছর নিউইয়র্কে কাটানোর পর এক বছর আগে ভারতে ফিরেছেন। কাজের সুযোগ চেয়ে দেওয়া ভিডিওটি সহকর্মীদের সমালোচনা কিংবা আর্থিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে প্রকাশ করেননি।
শরদ বলেন, তার কাছে চলচ্চিত্রশিল্পের সহকর্মীরা পরিবারের মতো। তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে তিনি জনসমক্ষে শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতে চান না। আর্থিক সহায়তা নয়, বরং অভিনয়ের সুযোগই তার প্রত্যাশা।
হলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার বিষয়ে অভিনেতা বলেন, ইতিমধ্যে একটি হলিউড ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে এর শুটিং শুরু করবেন। পাশাপাশি বলিউডের ছবিতেও অভিনয় চালিয়ে যেতে চান। দুই মাসের মধ্যে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন বলেও আশাবাদী তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন শরদ। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় আবারও কাজ শুরু করার জন্য চলচ্চিত্রশিল্পের পরিচিতজনদের সহযোগিতা চান তিনি।
২০২৪ সালে মুম্বাই পুলিশের কাছে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের হয়েছিল। ৩২ বছর বয়সী এক অভিনেত্রী ও প্রযোজককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শরদের ভাষ্য, এই অভিযোগের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। হতাশায় ভুগতে শুরু করেন এবং মানুষের সঙ্গে মেলামেশা ও কাজে আগ্রহ হারিয়ে ফেলেন।
এ প্রসঙ্গে অভিনেতা জানান, গত দুই থেকে তিন বছর তিনি প্রায় শয্যাশায়ী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ নেই। মাঝেমধ্যে ফোনে কথা হয় তাদের সঙ্গে।
শরদ বলেন, তার আর্থিক, নৈতিক ও মানসিক—তিন ধরনের সহযোগিতাই প্রয়োজন। জ্যেষ্ঠ অভিনেতাদের তিনি সব সময় আদর্শ হিসেবে দেখেন। তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খানের পরিচালনায় ‘জোশ’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান শরদ কাপুর। শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবিটিতে প্রকাশ শর্মা নামের নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি ফিল্মফেয়ার পুরস্কারে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার বিভাগে মনোনয়নও পেয়েছিল।
এ ছাড়া ‘দস্তক’, ‘লক্ষ্য’, ‘এলওসি: কারগিল’ ও ‘জয় হো’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার হলিউডের ছবির মাধ্যমে নতুন করে অভিনয়জগতে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা। এনডিটিভি






