বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করতে পলাতক নেত্রী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন: তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে পলাতক নেত্রী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পলাতক নেত্রী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশে চলমান এসব কর্মকাণ্ডের প্রচার-প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাস্তব ঘটনা তুলে ধরার পাশাপাশি ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’ এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যমের কণ্ঠরোধ কিংবা স্বাধীনতা নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। তবে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যা বাস্তব, গণমাধ্যমে তা-ই তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পলাতক নেত্রী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রমকে গণমাধ্যমে এমনভাবে প্রচার করা উচিত নয়, যাতে দেশের জনগণ তা ভালোভাবে নেয় না বা এ ধরনের কর্মকাণ্ড উৎসাহিত হয়।

সরকারের আট মাসের কার্যক্রম তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, এই সময়ে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও হয়নি। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং সরকার গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো বেআইনি কাজ করিনি, ভবিষ্যতেও করব না।

অনলাইন গণমাধ্যমের নিবন্ধন ও ক্রোড়পত্রসংক্রান্ত দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন এডিটরস ফোরামের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। এসব বিষয় নিয়ে কমিটি গঠনের পর্যায়ে রয়েছে মন্ত্রণালয়। তবে বিষয়গুলো রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য কিছুটা সময় প্রয়োজন। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:আন্দালিভ রহমান পার্থ ইয়াসের খান চৌধুরী তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…