মুক্তি পেয়েই শীর্ষে, বক্স অফিসে জনি ডেপের বাজিমাত!

হলিউড অভিনেতা জনি ডেপ অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির পর উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনেই এর আয় দাঁড়ায় ৬৭ লাখ মার্কিন ডলার। প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী আয় ৪ কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
‘এবেনেজার’ পরিচালনা করেছেন টিআই ওয়েস্ট। সিনেমায় এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। গল্পে দেখা যায়, কৃপণ ব্যবসায়ী স্ক্রুজের জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মার আগমন ঘটে। তাদের মাধ্যমে নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি।
প্যারামাউন্ট প্রযোজিত সিনেমাটির নির্মাণ ব্যয় ৩ কোটি ৮০ লাখ ডলার। দর্শকদের কাছ থেকে এটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর পেয়েছে।
২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং বিভিন্ন বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এ সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।
এদিকে একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি। শুক্রবার ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় হয়েছে ২২ লাখ ডলার। প্রথম সপ্তাহান্তে আয় ৪৭ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড লেইচ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন।
এ ছাড়া সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ মুক্তির প্রথম দিন ১৫ লাখ ডলার আয় করেছে। অন্যদিকে আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ এবং ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমাও উত্তর আমেরিকার বক্স অফিসে উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে।
সব মিলিয়ে নতুন সিনেমা ‘এবেনেজার’-এর সাফল্যের মধ্য দিয়ে বড় পর্দায় আবারও আলোচনায় উঠে এসেছেন জনি ডেপ। দ্য ডেইলি স্টার






