দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে বড় পরিবর্তন আনছে সরকার

ছবি: সংগৃহীত।
দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অবকাঠামো উন্নয়ন, যানবাহন কেনা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং পুনর্বাসন সেবা সম্প্রসারণে নেওয়া হচ্ছে ৯২টি প্রকল্প।
সোমবার ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বাড়াতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনার উদ্যোগও নিয়েছে পরিকল্পনা কমিশন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত। এসব প্রকল্পে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।
তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে এই ধীরগতির কারণে কাজের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এদিকে, সংশোধিত এডিপির আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পের বড় অংশ বাংলাদেশ পুলিশের অবকাঠামো ও অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশ বাহিনীর জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। আরও ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
পুলিশের আধুনিকায়নে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কয়েকটি আঞ্চলিক ইউনিটে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়ন করা হবে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের কাজ করছে। নজরদারি বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা ও উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চুয়াডাঙ্গায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জরুরি পরিস্থিতিতে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ রয়েছে।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিসর বাড়ানো হবে। এ ছাড়া সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নে ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ এবং জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ এবং পুরান ঢাকার ঐতিহাসিক কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নও করা হবে।
এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো, প্রযুক্তি ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য।






