বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণা প্রকল্পের আওতায় আনা উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং অপচয় হওয়া অর্থ উদ্ধারের দাবিসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কৃষি সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গরু ও খাসির বিকল্প মাংসের উৎস হিসেবে বাংলাদেশে উটপাখি পালন ও উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে ১৩৪ কোটি টাকার একটি গবেষণা প্রকল্প গ্রহণ করে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। প্রকল্পের আওতায় দুই ধাপে আফ্রিকা থেকে মোট ২২টি উটপাখি আমদানি করা হয়।
এনসিপির দাবি, স্বাদ পরীক্ষার নামে ওই ২২টি উটপাখির মধ্যে ১৫টি জবাই করে খাওয়া হয়েছে। এছাড়া তিনটিকে মৃত দেখানো হয়েছে, দুটি অসুস্থ বলে উল্লেখ করা হয়েছে এবং বাকি দুটি উটপাখির কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে প্রকল্পটির কোনো কার্যকর গবেষণালব্ধ ফলাফলও পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রকল্পের অর্থ ব্যয় ও উটপাখি জবাইয়ের বৈজ্ঞানিক যৌক্তিকতা খতিয়ে দেখতে স্বাধীন ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক ও নীতিনির্ধারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গবেষণার নামে অপচয় হওয়া সরকারি অর্থ দায়ীদের কাছ থেকে উদ্ধার, প্রাণী কল্যাণ আইন-২০১৯ কঠোরভাবে বাস্তবায়ন এবং ভবিষ্যতে বিএলআরআইয়ের প্রকল্প অনুমোদনের আগে সংশ্লিষ্টদের অতীত কর্মকাণ্ড ও প্রকল্পের সম্ভাব্যতা কঠোরভাবে যাচাই করা।
এনসিপির দাবি, গবেষণার নামে রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহার এবং প্রাণী কল্যাণ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।







