প্রতিপক্ষের মাঠে শুরুতে ফ্রান্সকে চেপে ধরেছিল বেলজিয়াম। তবে শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে দলের ওপর ক্ষোভ প্রকাশ করলেন কেভিন ডি ব্রুইন। সেরা মানে পৌঁছাতে হলে সেরাটাই দিতে হবে বলছেন তারকা মিডফিল্ডার।
নেশনস লিগে সোমবার রাতে ফ্রান্সের কাছে ২-০তে হেরেছে বেলজিয়াম। প্রথমার্ধে রান্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে ফরাসিরা এগিয়ে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান উসমান দেম্বেলে।
ম্যাচ শেষে ৩৩ বর্ষী ডি ব্রুইন বলেছেন, ‘এখানে আমি বলতে পারি না যে আমাদের কি ভুল হয়েছিল। হাফ টাইমে ইতিমধ্যেই এ নিয়ে দলের সঙ্গে কথা বলেছি। মিডিয়াতে এখন আমি আবার এসব পুনরাবৃত্তি করতে পারি না।’
‘তবে সব দিক দিয়ে আরও ভালো করতে হবে। আমাদের যে মানকে আমারা সেরা বলছি, সেটি আসলে আমাদের জন্য পর্যাপ্ত না। আমরা যা দিচ্ছি সেরা মানের খেলার জন্য সেটিও পর্যাপ্ত না। তাই সেরা মানের খেলা পেতে হলে এখন সব কিছু উজাড় করে দিতে হবে। আপনি যদি সেটিও না করেন তবে এখানেই সব শেষ।’
‘আমরা দল হিসেবে ২০১৮ সালের মতো ভালো অবস্থায় নেই, এটা এখন আমাকে মেনে নিতেই হবে। ওই সময় আমি দেখেছি দল সেমিফাইনালে খেলেছে। এর বাইরে অন্য সব কিছুই ছিল অগ্রহণযোগ্য।
দুই ম্যাচে প্রথম জয়ে ফ্রান্সের পয়েন্ট হলো বেলজিয়ামের সমান ৩। এদিনই আরেক ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি।







