দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন

সংগৃহীত।
দেশে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে প্রথমবারের মতো জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন করেছে সরকার। ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ শীর্ষক এ নির্দেশিকার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসায় অভিন্ন পদ্ধতি অনুসরণের পাশাপাশি সেবার মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নির্দেশিকাটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে প্রণীত নির্দেশিকাটি তৈরিতে সহযোগিতা করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এইচএসবি) ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। হেমাটোলজি সোসাইটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষণরত চিকিৎসকেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম। নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন মহাসচিব অধ্যাপক ডা. মো.আদনান হাসান মাসুদ। এ ছাড়া হিমোফিলিয়া চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হুমায়রা নাজনীন।
হিমোফিলিয়া একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ক্লটিং ফ্যাক্টরের ঘাটতি থাকে। ফলে সামান্য আঘাতেও দীর্ঘসময় রক্তক্ষরণ হতে পারে। শরীরের ভেতরে, বিশেষ করে জয়েন্ট ও মাংসপেশিতে রক্তক্ষরণ হলে যথাযথ চিকিৎসার অভাবে স্থায়ী ক্ষতি ও শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে জীবনহানির আশঙ্কাও থাকে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে এখনো অনেক হিমোফিলিয়া রোগী শনাক্তের বাইরে রয়েছেন। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সুযোগ দেশের সব এলাকায় সমানভাবে নেই। নতুন নির্দেশিকা চিকিৎসকদের জন্য একটি অভিন্ন ও প্রমাণভিত্তিক চিকিৎসা কাঠামো হিসেবে কাজ করবে।
তবে নির্দেশিকার সুফল নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় ফ্যাক্টর কনসেনট্রেটের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের প্রতিনিধিরাও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন।






