বাংলাদেশ

লন্ডনে নাহিদের অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত কয়েকজন

লন্ডনে নাহিদের অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত কয়েকজন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

ছবি: সংগৃহীত

এ ঘটনায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সংবর্ধনায় অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাহিদ ইসলাম আরও লেখেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদকের বর্ণনা অনুযায়ী, সেখানে আহত অবস্থায় চারজনকে দেখা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্সকর্মীরা আহত দুই ব্যক্তিকে হলের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলমের সফর ঘিরে গত বছরের সেপ্টেম্বরে এবং চলতি বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরে ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা ঘোষণাকারীদের একজন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ।

বিষয়:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম লন্ডন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…