পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামতে হয়নি ডানহাতি টাইগার তারকাকে। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা হয়নি শুক্রবার। বাংলাদেশ দলের ৩৭ বর্ষী ভরসা ব্যাটারকে দুটি রেকর্ড হাতছানি দিচ্ছে।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে তার রান ১৫,২৪৯। এ রেকর্ড টপকে যেতে মুশফিকের প্রয়োজন আর ১৩৩ রান।
আরেকটি রেকর্ড হল, বাংলাদেশের মাত্র দুজন টেস্টে পাঁচ হাজারের এলিট ক্লাবে ঢুকেছেন, তামিম ও মুশফিক। এবার দেশের প্রথম ব্যাটার হিসেবে ছয় হাজার টেস্ট রানের এলিট ক্লাবে ঢোকার অপেক্ষায় মুশফিক। টেস্টে তার রান ৫,৮৬৭। ছয় হাজার ক্লাবে ঢুকতে চাই ৯০ রান।
তিন সংস্করণ মিলিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে তার রান ১৪,৬৪১।









