সিলেট বিভাগের ৪টি জেলার নাট্য প্রযোজনা নিয়ে ‘প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার মিলনায়তনে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে চলবে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে, বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হচ্ছে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব, বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডঃ সৈয়দ জামিল আহমেদ বলেন, জুলাই বিপ্লব এবং স্বৈরাচার পতনের পর দেশ এক অস্থির পরিস্থিতির মুখোমুখি। এই অস্থিরতা মানুষের মনস্তত্ত্বেও গভীর প্রভাব ফেলেছে। এই নতুন পরিস্থিতি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, গুম-হত্যা, জেল- জুলুম, মিথ্যা মামলার ভীতি থেকে মুক্তি দিয়েছে। আমাদের শিল্পচর্চা অযাচিত বিধি-বিধান, নিষেধাজ্ঞা, দমন-পীড়ন থেকে মুক্ত হলেও সেই মনস্তাত্ত্বিক আঘাত থেকে জনগণের আজও মুক্তি মেলেনি।
শিল্পচর্চা আমাদের সেই মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই শিল্পচর্চা আমাদের সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন খুবই জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সেই সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব ২০২৫ -এর আয়োজন করেছে।
গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে শহীদ মুনীর চৌধুরীকে নিয়ে প্রথমবারের মতো এমন একটি জাতীয় নাট্যোৎসবের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।
মৌলভীবাজারে আয়োজিত সিলেট বিভাগীয় নাট্যোৎসবের প্রথমদিন ১৭ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা সাতটায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমির প্রযোজনায় পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি-প্রতিভা, নির্দেশনা দিয়েছেন নূর-ই-নাজনীন। রাত সাড়ে আটটায় মঞ্চায়িত হবে হবিগঞ্জ শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘কবর কিংবা শ্মশানের গল্প’ রচনা ও নির্দেশনা দিয়েছেন শাহীন রহমান।
পরদিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে সিলেট শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘অনুবর্তন’ রচনা, সম্মিলিত প্রয়াস, নির্দেশনা মেহেদী তানভির। একই দিন রাত আটটায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘হা হা কার’ । নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন, রবি ঘোষ।
জেলা কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাভেল সিলেট বিভাগের ৪টি জেলার নাট্য প্রযোজনা দেখতে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার মিলনায়তনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।







