কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা রাসলীলা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিব বাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাওয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে শুরু হয় উৎসব। মণিপুরী সম্প্রদায়ের গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীরা কার্তিক পূর্ণিমা তিথিতে কমলগঞ্জের মাধবপুরের জোড়ামন্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪ তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মেইতেই সম্প্রদায়ের ৪১ তম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এই রাস উৎসব নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। মণিপুরী সম্প্রদায়ের পুণ্যস্থান কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে নানা বর্ণিল সাজে মন্ডপগুলো হয়ে উঠেছিল লাখো মানুষের মিলনতীর্থ। নৃত্যশিল্পীদের নিপুণ নৃত্য আর ঢাক-ঢোল, মৃদঙ্গ, খোল, করতাল, শঙ্খধ্বনি রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের।
মঙ্গলবার রাতে মাধবপুর জোড়ামন্ডপে রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই। মণিপুরী নৃত্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পরিবেশন করা হবে। শুধু ১৬ ডিসেম্বর না, সব সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নেওয়া হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, তখন প্রধানমন্ত্রী মণিপুরী নৃত্য পরিবেশনের জন্য বলেছেন। এখানে এসে রাখাল নৃত্য পরিবেশন দেখে অভিভূত হয়েছি। দুইটি আয়োজনে মণিপুরী নৃত্যশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্যে মাতিয়ে রাখেন দর্শনার্থীদের। রাস পূর্ণিমা উপলক্ষে বসেছিল মেলা।
শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এবং ভক্তির মাধ্যমে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের উদ্দেশ্যেই রাসমেলার প্রবর্তন।
১৭৭৯ সালে মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র স্বপ্নাদিষ্ট হয়ে এই রাস নৃত্যের প্রবর্তন করেন। পরবর্তীতে মণিপুরীরা কমলগঞ্জে বসতি স্থাপন করলে ১৮৪২ সালে মাধবপুরে প্রথম এই উৎসব শুরু হয়। এই উৎসবের মাধ্যমে মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংগীত, বাদ্যযন্ত্র ও নৃত্যকলা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে।






