বিক্ষোভে নামার মাশুল, ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ!

বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ অক্টােবরের মধ্যে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে মুম্বাই পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সমর্থন করে প্রতিবাদে যোগ দেওয়ার মাশুল গুনছেন এই অভিনেতা।
জানা যায়, ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুম্বাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান খান মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারিবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার কোনো আইনি অধিকার আছে কিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান।
ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে আটক ও দেশ থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন তিনি। সোমাইয়ার অভিযোগের পর মুম্বাইয়ের গামদেবী থানা তার আবেদনটি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) পাঠায়।
অন্যদিকে, পুলিশের কাছে আটক হয়ে পুলিশ ভ্যানে ওঠার সময় অভিনেতা স্পষ্ট করে বলেছিলেন, আমার বিশেষ কোনো রাজনৈতিক দাবি নেই, আমি কোনো সংস্থা বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বাই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাচলের স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে! দ্য স্টেটসম্যান





