বিনোদন

মায়ের ইচ্ছাতেই বদলে যায় শাহরুখের জীবন

মায়ের ইচ্ছাতেই বদলে যায় শাহরুখের জীবন

মায়ের ইচ্ছা ছিল ছেলেকে একদিন বড় পর্দায় দেখবেন। মায়ের সেই স্বপ্নই অভিনয়জগতে পা রাখার সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বলছি বলিউড বাদশা শাহরুখের খানের কথা।

টেলিভিশন থেকে যাত্রা শুরু করে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার হয়ে ওঠা শাহরুখ খানের গল্প অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। একসময় অভিনেতা নিজেই ভেবেছিলেন, চলচ্চিত্রজগতে প্রবেশ করার জন্য তার হয়তো অনেক দেরি হয়ে গেছে।

অভিনয়জগতে আসার পেছনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তার মায়ের ইচ্ছাই তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল।

১৯৯১ সালে ডেকান হেরাল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন,“আমি কখনোই চলচ্চিত্রের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলাম না। বরং চলচ্চিত্রজগৎ এবং এর কাজকর্ম সম্পর্কে শুনলে আমার বেশ অস্বস্তি হতো। জীবনে শেষ যে কাজটি করতে চেয়েছিলাম, তা হলো এই জগতের অংশ হওয়া। কিন্তু বছরের শুরুতে আমার মা মারা যাওয়ার পর আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি। আমি আমার মাকে ভীষণ ভালোবাসতাম। তিনি সব সময় চাইতেন, একদিন আমাকে বড় পর্দায় দেখবেন। হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে, তবুও আমি তার জন্যই এই কাজটি করছি।”

শাহরুখ বলেন,“এ ছাড়া দিল্লিতে আমাদের বাড়িতে আর থাকতে পারছিলাম না। বাড়ির সবকিছুতেই মায়ের স্মৃতি জড়িয়ে আছে। আমি বোম্বেতে (বর্তমান মুম্বাই) চলে যেতে চাই, জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই এবং সারাক্ষণ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চাই।”

১৯৮৯ সালে ফৌজি ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় শাহরুখ খানের। তার মা লতিফ ফাতিমা খান ১৯৯০ সালে মারা যান। এর পরের বছরই শাহরুখ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। অবশেষে ১৯৯২ সালে দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।  এনডিটিভি

বিষয়:বলিউড বাদশা মা শাহরুখ শাহরুখ খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…