ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সোমবার

ছবি: সংগৃহীত
আগামী সোমবার ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হবে। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এ লক্ষ্যে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বিষয়ে প্রচার চালানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবার সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পাবে, তা নির্ধারণ করা হবে।
বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যের ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জন বা গোপনীয়তা যেন না থাকে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। ভুল তথ্যের কারণে প্রকৃত অসচ্ছল পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে কেউ অর্থ দাবি করলে বা টাকার বিনিময়ে কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থ দিতে হবে না বলেও বার্তায় স্পষ্ট করা হয়েছে।
এ ধরনের প্রতারণার শিকার হলে বা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।






