অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোসিয়াসকো ন্যাশনাল পার্কে নিখোঁজ হওয়া এক পর্বতারোহীকে ১৩ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া এই সময়ে তিনি জঙ্গলে পাওয়া ফলমূল খেয়ে বেঁচে ছিলেন।
বিবিসি জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহী ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্র হাদি নাজারি কসিয়াসকো ন্যাশনাল পার্কের স্নোয়ি মাউন্টেনস অঞ্চলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। এক পর্যায়ে ছবি তুলতে গিয়ে তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
পরে শত শত স্বেচ্ছাসেবক, বন্ধু ও পরিবারের সদস্যরা তার সন্ধানে অংশ নেয়। শেষ পর্যন্ত বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে অন্য হাইকাররা তাকে খুঁজে পায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট অ্যান্ডরু স্প্লিয়েট সাংবাদিকদের জানান, হাদি নাজারি অন্যান্য পর্বতারোহীদের সাহায্যের জন্য ডাকেন এবং জানান যে, তিনি তৃষ্ণার্ত ও ক্লান্ত ছিলেন। পরে জরুরি পরিষেবায় যোগাযোগ করা হলে তাকে হেলিকপ্টারে অনুসন্ধান বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে প্যারামেডিকরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা ভাল ছিল।
সুপারিনটেনডেন্ট স্প্লিয়েট বলেন, নাজারি একটি কুঁড়েঘরে দুটি মুয়েসলি (এক ধরনের বাদাম, বাটার মিশ্রিত খাদ্য) বার খুঁজে পেয়েছিলেন যা তার প্রধান খাবার ছিল। এছাড়া তিনি পাহাড়ি খাঁড়ি থেকে পানি সংগ্রহ করেন এবং বেরি জাতীয় ফল খেয়ে বেঁচে ছিলেন।
উদ্ধারের পর নাজারির পরিবার তাকে বেস ক্যাম্পে আলিঙ্গন করে স্বাগত জানায়। স্থানীয় মিডিয়াকে তারা বলেন, এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। তারা তার নিরাপদে ফিরে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।







