মিডিয়া ও চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানালেন চিত্রনায়িকা মৌ খান। দ্বীনের আলোয় বাকি জীবন কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রতিশোধের আগুন, বান্ধব, অমানুষ হলো মানুষ ছবির এই নায়িকা। মৌ-এর পোস্টে বলেন,“আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না।”
তিনি বলেন,“এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।”
অসমাপ্ত কাজগুলো নিয়ে এই অভিনেত্রী বলেন,“যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ— দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।”
সবার উদ্দেশে দোয়া চেয়ে মৌ খানের ভাষ্য,“আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”








