কেন হুমায়ূন?

দেশে আমার প্রিয় লেখক/নির্মাতাদের একজন হুমায়ূন আহমেদ। তাঁর মতো বহুমাত্রিক মেধাবী লেখক আমাদের সাহিত্যে খুব বেশি আসেনি। মুশকিল হলো, অধিকাংশ সময়, আমরা তার সেই মেধা অনুধাবনের চেষ্টা করিনি। না করার কারণ সাহিত্য সম্পর্কে আমাদের কথিত সিরিয়াস লেখকদের সংকীর্ণ ও একপেশে (হুমায়ূনের ক্ষেত্রে পূর্ব-আরোপিত ও আক্রান্ত) ধারণা দ্বারা পরিচালিত হওয়া। হুমায়ূন ভীষণভাবে নেটিভ লেখক ছিলেন, মানে আপাদমস্তক বাংলাদেশের লেখক; এটা বলে নিয়ে উল্লেখ করতে চাই, তিনি ভীষণভাবে আন্তর্জাতিক লেখক হতে পারতেন।
বিপুল সৃষ্টি তাঁর। শিল্পের প্রায় সবশাখাতেই কাজ করেছেন—ছোটগল্প, উপন্যাস, ঔপন্যাসিকা, নাটক, সিনেমা সবক্ষেত্রে তিনি উপরের সারির শিল্পী। আবার সব জনরাতেও তিনি সমানভাবে অগ্রগণ্য, যেমন: রিয়েলিস্টিক সাহিত্য, থ্রিলার, গোয়েন্দা, সায়েন্স ফিকশন, হরর/ গথিক ফিকশন, স্পেকুলেটিভ ফিকশন, অতিপ্রাকৃত সাহিত্য, হিমু-সাহিত্য, মিশির আলী সাহিত্য, রম্য, স্যাটায়ার সাহিত্য, বড়োদের সাহিত্য, শিশুসাহিত্য ইত্যাদি। গড়মেধাবি (বাঙালি) লেখকদের কাজ এটা না, মানে তাদের সাধ্যে কুলাবে না। একটা হিমু বা মিশির আলী চরিত্র প্রতিষ্ঠা করা কি যার-তার কাজ? আমাদের কোন লেখক পারবেন ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’ কিংবা ‘আগুনের পরশমনি’র মতো একটা চলচ্চিত্র বানাতে? বা ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’র মতো টেলিভিশন নাটক বানাতে? আবার যারা নাটক সিনেমার মানুষ তাঁদের কজন পারবেন ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’ লিখতে বা একটা তিন পৃষ্ঠার ছোটোগল্প ‘সংসার’ (ইঁদুর নামেও প্রকাশিত) লিখতে? (পোস্টের কোনো পাঠক পড়তে চাইলে গল্পটার লিংক দিতে পারি, বিলিভ মি, পড়া উচিত!!)
তাঁর সৃষ্টির মূল জায়গা হল: মধ্যবিত্ত ও শহুরে নিম্নবিত্তদের জীবনবেদনা। অলৌকিক বা অতিপ্রাকৃত গল্প কিংবা কল্পকাহিনীতে এসেও আমরা তাকে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের সংকটকেই উপজীব্য করে তুলতে দেখি। হুমায়ূন আহমেদ লেখালেখির মধ্য দিয়ে নিজের এবং অন্যের জীবনকে উপভোগ্য করে তুলতে চেয়েছেন। তার সাহিত্যের সারৎসার হলো মানুষের মধ্যে গভীর এক মায়া জাগিয়ে তোলা। কষ্টের মধ্যেও তিনি সুখ অবলোকন করেন। মধ্যবিত্তের নানামুখী সংকটময় জীবন আমাদের কাছে কাব্যিক হয়ে ওঠে। আবার এস্কেপিস্ট না, হাসতে হাসতে জীবনের সবচেয়ে কঠিন সত্যটাও বলে দেন। তার স্যাটায়ার দগ্ধ করে আমাদের অনুভূতি। তার মতো মৌলিক মানবিক কণ্ঠস্বর আমাদের সাহিত্যে খুব বেশি আসেনি। মপাসাঁ যে বলছেন: ‘The serious writer’s goal is not to tell us a story, to entertain or to move us, but to make us think and to make us understand the deep and hidden meaning of events.’ (‘The Writer’s Goal’) তা হুমায়ূন আহমেদের অধিকাংশ সৃষ্টির ক্ষেত্রে দারুণভাবে যায়।
হুমায়ূনকে যখন আমাদের ‘মহান’ লেখকরা ‘চটুল’ লেখক বলে উড়িয়ে দিতে চান তখন তাঁর ছোটগল্পগুলো তাঁদের পঠিত কিনা আমার সন্দেহ হয়। বিশ্বসাহিত্যের প্রায় সকল মহান সৃষ্টিকর্মই মানুষের গোপন ব্যথা থেকে উৎসারিত। সাহিত্যকে আমরা মোটাদাগে মানুষের যন্ত্রণার আশ্রয় হিসেবে দেখতে পারি। অন্যভাবে যদি বলি, সাহিত্য হল মানুষের মনোরোগের পাঠ, তাহলেও ভুল বলা হবে না। এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করে হুমায়ূন আহমেদের গল্প।
মুক্তিযুদ্ধ হুমায়ূন আহমেদের সাহিত্যের অন্যতম প্রধান অনুষঙ্গ। মুক্তিযুদ্ধ নিয়ে লেখার সময় তিনি ইতিহাসকে ইতিহাসের স্থানে রাখেননি। স্বাধীনতা-উত্তরকালের লেখক হিসেবে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখছেন। তিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বয়ানে না গিয়ে, লিখেছেন ঘটনার সম্ভাব্যতা নিয়ে। আমরা জানি, ইতিহাসের পুনঃলেখন বা অনুলেখন সাহিত্যের কাজ না। ঐতিহাসিক ঘটনার নতুন নতুন মাত্রা আবিষ্কার করা আর প্রচলিত বা প্রতিষ্ঠিত ইতিহাস রচনা করা আলাদা কথা। হুমায়ূন আহমেদ যে ইতিহাসনির্ভর সাহিত্য রচনা করেছেন তার একটা ব্যাখ্যা আমরা খুঁজে নিতে পারি সালমান রুশদির কথায়, তিনি বলছেন, ‘পৃথিবীর একটা ব্যাপক অংশ (আমার) গল্পে চলে আসে। এর কারণ এই না যে আমি রাজনীতি নিয়ে লিখতে চাই। এর কারণ হল, আমি জনগণ নিয়ে লিখতে চাই।’ সমাজের প্রান্তিক জনজীবন হুমায়ূন আহমেদের গল্পের প্রধান বিষয় বলে বাংলাদেশের ইতিহাস ও সমাজ বাস্তবতার নানা অনুষঙ্গ চলে এসেছে। হুমায়ূন আহমেদ হয়ত মিলান কুন্দেরার মতো ইতিহাসের যতটা সম্ভব কম উপাদান নিয়ে সাহিত্য (উপন্যাস) রচনার পক্ষপাতী ছিলেন। ফলে তার সাহিত্যের যে ইতিহাস সেটি আর স্থির ইতিহাস হয়ে থাকেনি, হয়ে উঠেছে ভবিষ্যতের ইঙ্গিতও।
লেখক হিসেবে হুমায়ূন আহমেদের লেখালেখির সঙ্গে সাহিত্যিক উদ্দেশ্য কতখানি সেটি নিয়ে আলাপ করা যেতে পারে। চিনুয়া আচেবে বলেছেন, ‘প্রত্যেকে গল্প বোনে তার নিজের জন্যে, নিজের বেঁচে থাকাকে উপভোগ্য করে তুলতে। গল্পগুলো সত্য হোক মিথ্যা হোক, ভাল হোক মন্দ হোক, তার চোখ দিয়ে জগতকে দেখবার অসম্ভব এক শক্তি নিয়ে হাজির হয়।’ [‘দি ট্রুথ অব ফিকশন’] অর্থাৎ, সাহিত্যের অন্যতম প্রধান কাজ হল গল্পটাকে নির্মাণ করা। তারপর আনুষঙ্গিক বিষয় নিয়ে ভাবতে হয়। গল্পটা কেউ কেউ আবার লেখবার আগেই নির্মাণ করে ফেলেন। অর্থাৎ, তারা গল্পটাকে জেনে তারপর লেখেন। যেমন কার্লোস ফুয়েন্তেস বলছেন, ‘আমি কেবল কাঠামোর কঙ্কালটার কথা ভাবতে পারি। কীভাবে এগুবো জানি না।’ [প্যারিস রিভিউ, তর্জমায় আন্দালিব রাশদী] রবীন্দ্রনাথ ও তলস্তয়ের সাহিত্য এই শ্রেণির। তারা গল্পগুলো জানতেন। কাঠামোটা হয়ত লিখতে লিখতে ঠিক করে নিতেন। আবার অনেকে আছেন যারা গল্পগুলো জানেন না। যেমন হারুকি মুরাকামি। তিনি বলছেন, ‘আমি অতো ভেবেচিন্তে লিখি না। আমি গল্পটার জন্যে অপেক্ষা করি। আমি জানতে চাই তাই লিখি।’ (প্যারিস রিভিউ)
সাহিত্যের কাজ হল বায়বীয় একটা জগত তৈরি করা। সেই জগতের বাসিন্দারা বাস্তবের বাসিন্দাদের মতোই অমিত সম্ভাবনাময়ী। হুমায়ূন আহমেদের গল্পের সেই সম্ভাবনা দেখা যায়। তার চরিত্ররা সমাজের বাস্তবের চরিত্রদের হুবহু কপি-নির্মিতি না। যে কারণে তার চরিত্ররা প্রায়ই অদ্ভুত সব আচরণ করে। অস্বভাবী চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমাদের চিনে নিতে সমস্যা হয় না তার গল্পের চরিত্রদের। বাংলাদেশে এই জায়গাতে তিনি সম্পূর্ণ নতুন।
এই কারণে “হুমায়ূনীয় উইট ও হিউমর” নিয়ে ভবিষ্যতে আলাদা করে গবেষণা হবে, হতেই হবে।
জন্মদিনে তাঁকে স্মরণ করি।




