হুমায়ূন কে?
আমার হুমায়ূন

সত্তরের দশকে আমার জন্ম। হুমায়ূন আহমেদ যখন আমার জীবনে এলেন, তখন তিনি আমার কাছে একজন লেখক মাত্র। পরে বুঝেছি, মানুষটি শুধু লেখক নন। তিনি আমার বয়সী অনেক মানুষের কৈশোর ও তারুণ্যের এক অদ্ভুত অংশীদার।
তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। অথচ তাকে নিয়ে আমার একটা ব্যক্তিগত ধারণা আছে। মনে হয়, তিনি মানুষকে খুব ভালো করে চিনতেন। বিশেষ করে সেই মানুষগুলোকে, যাদের আমরা প্রতিদিন দেখি, কিন্তু খুব একটা খেয়াল করি না।
হুমায়ূন আহমেদ সম্ভবত মানুষের এই আড়ালটুকু দেখতে পেতেন।
ধরা যাক, হিমু। ছেলেটি রাস্তায় হাঁটে। হলুদ পাঞ্জাবি পরে। তার কোনো বিশেষ গন্তব্য নেই। সংসার নেই। চাকরি নেই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই। আমাদের সমাজে এমন একজন মানুষকে কী চোখে দেখা হবে? নিশ্চয়ই পাগল, বাউণ্ডুলে কিংবা অপদার্থ বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু হিমুকে পড়তে পড়তে মনে হয়, লোকটি আসলে আমাদের সবার চেয়ে একটু বেশি স্বাধীন। আমরা যে জীবনকে খুব গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরে আছি, হিমু সেটিকে দূর থেকে দেখে হাসে।
হিমুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় থাকলে হয়তো তাকে জিজ্ঞেস করতাম, আপনার জীবনের কোনো পরিকল্পনা নেই? সে হয়তো হাসত। উত্তর দিত না। অথবা এমন একটা উত্তর দিত, যার কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। অথচ সেই অর্থহীনতার মধ্যেই একটা অস্বস্তিকর সত্য থেকে যেত।
আবার মিসির আলী। তিনি হিমুর ঠিক উল্টো। সবকিছুর ব্যাখ্যা চান। মানুষের আচরণের পেছনে কারণ খোঁজেন। রহস্যকে রহস্য হিসেবে রেখে দিতে তার আপত্তি। কিন্তু এই মানুষটির মধ্যেও একধরনের নিঃসঙ্গতা আছে। তিনি অন্যের মনের ভেতরে ঢুকতে পারেন। নিজের মনের দরজাটা তত সহজে খোলেন না। আমার মনে হয়, হুমায়ূন আহমেদ নিজের ভেতরের দুই বিপরীত মানুষকে এই দুই চরিত্রে ভাগ করে দিয়েছিলেন। একজন বিশ্বাস করতে চায়। অন্যজন প্রমাণ খোঁজে।
এই দুই মানুষের মাঝখানে দাঁড়িয়েই হয়তো হুমায়ূনকে খুঁজে পাওয়া যায়।
তার উপন্যাস পড়ার সময় আমার এমন অনেকবার হয়েছে, গল্পের চেয়ে চরিত্রটি বেশি মনে থেকেছে। ‘নন্দিত নরকে’ কিংবা ‘শঙ্খনীল কারাগার’ পড়ার অভিজ্ঞতা এক রকম। আবার ‘দেবী’ কিংবা মিসির আলীকে ঘিরে লেখা উপন্যাসগুলোর অভিজ্ঞতা অন্য রকম। ‘ময়ূরাক্ষী’র হিমু, ‘দারুচিনি দ্বীপে’র তরুণেরা, ‘আগুনের পরশমণি’র মুক্তিযুদ্ধের সময়কার মানুষগুলো, ‘আমার আছে জল’, ‘প্রিয়তমেষু’, ‘গৌরীপুর জংশন’, ‘কবি’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘অপেক্ষা’। কত নাম মনে পড়ে। সব বইয়ের গল্প আজ মনে নেই। কিন্তু পড়ার সময়কার অনুভূতিগুলো কোথাও যেন রয়ে গেছে।
হুমায়ূনের একটি বিশেষ ক্ষমতা ছিল। তিনি পাঠককে চরিত্রের প্রেমে পড়তে বাধ্য করতেন। চরিত্রটি ভালো না মন্দ, সেটি বড় কথা নয়। তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যেত। সেই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। কোনো বাস্তব ভিত্তিও ছিল না। তবু চরিত্রটি চলে গেলে মন খারাপ হতো।
এই অনুভূতিটা টেলিভিশনের পর্দায় আরও বড় হয়ে উঠেছিল।
‘এইসব দিনরাত্রি’ আমার কাছে শুধু একটি ধারাবাহিক নাটক নয়। এটি একটি সময়ের স্মৃতি। একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের নিজেদের জীবন দেখিয়েছিলেন। চরিত্রগুলোকে মনে হতো পাশের বাড়ির মানুষ। তাদের হাসি, কান্না, অভিমান, ভালোবাসা সবকিছুই পরিচিত। নাটক দেখতে দেখতে কখন যে সেই পরিবারের একজন হয়ে উঠেছিলাম, তা টের পাইনি।
তারপর ‘বহুব্রীহি’। কী অসাধারণ এক নাট্যজগৎ। হাসির আড়ালে কত কথা বলা যায়, তা হুমায়ূন আহমেদ দেখিয়েছিলেন। সংলাপগুলো মানুষের মুখে মুখে ফিরেছে। টিয়া পাখির মুখে ‘তুই রাজাকার’ উচ্চারণটি শুধু নাটকের একটি সংলাপ হয়ে থাকেনি। মুক্তিযুদ্ধের চেতনার এক অভিব্যক্তি হয়ে উঠেছিল।
‘অয়োময়’ ছিল অন্য রকম অভিজ্ঞতা। ইতিহাস, সমাজ, ক্ষমতা, মানুষের সম্পর্ক। সব মিলিয়ে এক বিস্তৃত জগৎ। এই নাটক দেখার সময় মনে হতো, আমরা যেন অন্য একটি সময়ে চলে গেছি। অথচ মানুষের লোভ, ভালোবাসা, অহংকার আর ক্ষমতার দ্বন্দ্ব তো সব সময়েরই।
‘কোথাও কেউ নেই’ আমাকে অন্যভাবে স্পর্শ করেছিল। বাকের ভাইয়ের কথা মনে পড়ে। মুনার কথা মনে পড়ে। একজন কাল্পনিক চরিত্র কীভাবে বাস্তবের মানুষের চেয়ে বেশি আপন হয়ে উঠতে পারে, তার বড় উদাহরণ এই নাটক। বাকের ভাইয়ের পরিণতি নিয়ে দর্শকের আবেগ ছিল সত্যিকারের। টেলিভিশনের একটি চরিত্রের জন্য মানুষ যে এমন মায়া অনুভব করতে পারে, তা আগে সেভাবে ভাবিনি। পর্দার বাইরের মানুষও যে একটি চরিত্রের ভাগ্য বদলে দিতে চাইতে পারে, বাকের ভাই তা দেখিয়েছিলেন। আর, মুনার পুরো পৃথিবীটাই হয়ে উঠেছিল, কোথাও কেউ নেই।
‘নক্ষত্রের রাত’ ছিল আরও একটু অন্য রকম। জীবনের জটিলতা, সম্পর্কের টানাপোড়েন, মানুষের একাকিত্ব। নাটকটি দেখার সময় নিজের জীবনকেও নতুন করে দেখার সুযোগ হতো।
আর ‘আজ রবিবার’। এই নাটকের কথা মনে হলেই মন ভালো হয়ে যায়। পরিবারের মানুষগুলো, তাদের অদ্ভুত আচরণ, হাস্যরস, সংলাপ। মনে হয়, এমন একটি পরিবারের সঙ্গে আমারও পরিচয় আছে। তাদের বাড়িতে গেলে হয়তো এক কাপ চা পান করা যাবে। কিছুক্ষণ বসে গল্প করা যাবে।
এই ধারাবাহিকগুলোর বাইরে হুমায়ূন আহমেদের একক নাটকগুলোও আমাদের প্রজন্মের স্মৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। ‘প্রথম প্রহর’ তার প্রথম টেলিভিশন নাটক। ‘নিমফুল’-এর মতো একক নাটকও আমাদের মনে দাগ কেটেছে। এসব নাটকের শক্তি ছিল গল্প বলার নিজস্ব ভঙ্গিতে। খুব বেশি চরিত্রের দরকার হতো না। বড় কোনো আয়োজনও নয়। সামান্য একটি ঘটনা, কয়েকজন মানুষ, কিছু কথোপকথন। তারপর এমন এক জায়গায় গিয়ে গল্পটি শেষ হতো, যেখানে দর্শক কিছুক্ষণ নিজের মধ্যে চুপ করে থাকতেন।
আমাদের কৈশোর ও তারুণ্যের একটা বড় অংশ জুড়ে ছিল এই নাটকগুলো। তখন বিনোদনের মাধ্যম এত বেশি ছিল না। একটি নাটক দেখার জন্য পরিবারের সবাই অপেক্ষা করতাম। নাটক প্রচারের দিন ও সময় মনে রাখা হতো। পরদিন বন্ধুদের সঙ্গে আলোচনা হতো। কে কী বলেছে, কোন সংলাপটি ভালো লেগেছে, কোন চরিত্রটি অদ্ভুত আচরণ করেছে। এসব নিয়ে কত কথা।
তার চলচ্চিত্রের কথাও আলাদা করে বলতে হয়। ‘আগুনের পরশমণি’ মুক্তিযুদ্ধকে দেখার একটি ভিন্ন অভিজ্ঞতা দিয়েছিল। ‘শ্রাবণ মেঘের দিন’ মনে করিয়ে দিয়েছিল, একটি গল্পের সঙ্গে প্রকৃতি, গান ও মানুষের আবেগ কী অসাধারণভাবে মিশে যেতে পারে। তার চলচ্চিত্রেও সেই পরিচিত মানুষগুলো ছিল। যাদের জীবন খুব সাধারণ, অথচ যাদের ঘিরে অসাধারণ সব গল্প তৈরি হয়।
এখনকার দিনে দাঁড়িয়ে বিষয়গুলো নিয়ে ভাবলে বোঝা যায়, হুমায়ূন আহমেদ শুধু গল্প লিখতেন না। তিনি আমাদের দেখার অভ্যাস তৈরি করেছিলেন। মানুষের কথা শোনার অভ্যাস তৈরি করেছিলেন। ছোট ছোট ঘটনায় আনন্দ খুঁজে পাওয়ার অভ্যাস তৈরি করেছিলেন।
এখন বুঝি, সহজ করে লেখা মোটেও সহজ কাজ নয়।
আমার মনে হয়, হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের ভেতরের ছোট ছোট গল্পগুলো আবিষ্কার করার ক্ষমতা। একটি পরিবারের খাবার টেবিল, একটি বাড়ির উঠোন, কোনো এক তরুণের প্রেমে পড়া, কিংবা একজন বয়স্ক মানুষের নিঃসঙ্গতা। এসবের মধ্যেই তিনি গল্প খুঁজে পেতেন।
সত্তরের দশকে জন্ম নেওয়া আমার প্রজন্মের কাছে এই মানুষটির গুরুত্ব সম্ভবত এখানেই। আমরা যখন বড় হচ্ছিলাম, তখন আমাদের চারপাশের পৃথিবীও বদলাচ্ছিল। সেই পরিবর্তনের মধ্যে হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস, নাটক আমাদের একধরনের মানসিক আশ্রয় দিয়েছিল।
এখন ব্যস্ত জীবনে বই পড়া আগের মতো হয় না। পুরোনো বইয়ের পাতায় ফিরে যাওয়াও সব সময় সম্ভব হয় না। কিন্তু কখনো কোনো বৃষ্টির দিনে তার কোনো বইয়ের কথা মনে পড়ে। কোনো নির্জন দুপুরে মনে হয়, একটি হুমায়ূন আহমেদ পড়া দরকার। কখনো টেলিভিশনে পুরোনো নাটকের কোনো দৃশ্য চোখে পড়লে থমকে যাই। মনে হয়, কত বছর আগের কথা। অথচ অনুভূতিটা এখনো একই রকম।
হুমায়ূন আহমেদ নেই। কিন্তু আমার কৈশোরের সেই পাঠকটি এখনো কোথাও বেঁচে আছে। সে এখনো বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে ভাবে, আজ কী পড়া যায়?
হুমায়ূনের কোনো চরিত্রের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। অথচ তাদের অনেকের সঙ্গেই আমার দীর্ঘদিনের পরিচয়। তাদের সঙ্গে আমার কোনো ছবি নেই। কোনো বাস্তব স্মৃতি নেই। তবু তারা আমার জীবনের অংশ হয়ে আছে।
কিছু সম্পর্কের কোনো নাম হয় না। কোনো ঠিকানাও থাকে না। তবু তারা মানুষের ভেতরে থেকে যায়। হুমায়ূন আহমেদের সঙ্গে আমার সম্পর্কটি বোধ হয় তেমনই। যে সম্পর্কটির নাম, মন্ময়ী। আমার মন, আমার হৃদয় দিয়ে গড়া। আমার কাছে তিনি শুধু একজন লেখক নন। তিনি আমার জীবনের একটি সময়। মায়া। তিনি-ই শুধু পড়তে পারেন আমার মন।





