বিনোদন

ও আমার উড়াল পঙ্খীরে…

ও আমার উড়াল পঙ্খীরে…

হুমায়ূন আহমেদ-এর এবারের জন্মদিনে চ্যানেল আইয়ের অনলাইন থেকে একটা এসএমএস পেলাম- এবার তারা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে থিম ঠিক করেছে ‘আমার হুমায়ূন’ শিরোনামে। এ বিষয় নিয়ে তারা অনলাইনে লেখা ছাপবে, টেলিভিশনের পর্দায় নানারকম অনুষ্ঠান প্রচার করবে। এত বছর পর তার জন্মদিনের থিম যদি হয় আমার হুমায়ূন সেক্ষেত্রে তাকে কি ছোট করা হচ্ছে! নাকি বড় করা হচ্ছে! যে হুমায়ূন আহমেদ ছিলেন আমাদের হুমায়ূন, যে হুমায়ূন ছিলেন জনগণের হুমায়ূন তাকে আজ মূল্যায়ন করা হচ্ছে আমার হুমায়ূন বলে!

আমরা যদি হুমায়ূন আহমেদের নন্দিত নরকের কথা বলি তাহলে দেখবো এই উপন্যাসটি প্রকাশিত হবার পর অনেকদিন ধরেই বাজারে ছিল কিন্তু কোনো আওয়াজ কিংবা আলোচনা ছিল না। হঠাৎ করেই বইটি আলোচনায় আসে। সবার মুখে মুখে ‘নন্দিত নরক’-এর কথা প্রচার হতে থাকে। শঙ্খনীল কারাগার-এর ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটল। কিন্তু তার পরের ঘটনা তো সবারই জানা।

হুমায়ূন আহমেদ একটি বয়সের মধ্যে আটকে গেলেন। একসময় আমরা বিশেষ করে বাংলাদেশের পাঠক যারা ওপার বাংলার লেখকদের বই পড়তেন। প্রতিটি ঘরেই শরৎচন্দ্রের বই পাওয়া যেতো। কিন্তু হুমায়ূন আহমেদ সবাইকে ছাড়িয়ে গেলেন। তিনি তার লেখনী দিয়ে জয় করে নিলেন বাঙালি পাঠকের হৃদয়। শুধু বাংলাদেশ কিংবা ভারতের মধ্যেই সীমাবদ্ধ রইলেন না। বাংলা ভাষাভাষি পাঠকদের কাছে তিনি প্রচণ্ড জনপ্রিয় লেখক হিসেবে আবির্ভূত হলেন। তিনি এলেন দেখলেন আর জয় করলেন। আমরা দেখেছি বাংলা একাডেমি প্রাঙ্গণে তখন বইমেলা হতো। হুমায়ূন আহমেদ যে স্টলে বসতেন হোক সেটা অনন্যা কিংবা অন্যপ্রকাশ অথবা কাকলী সেখানে পাঠকদের এতটাই ভিড় হতো যে পাশের স্টলের বিক্রি বন্ধ হয়ে যেতো। সেই চাপ ঠেকাতে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিকে হস্তক্ষেপ করতে হতো। এমনও দেখেছি বইমেলার সময় শেষ হয়ে গেলে যখন বিদ্যুৎ এর লাইন বন্ধ করে দেয়া হতো তখনো হুমায়ূন আহমেদ পাঠককে অটোগ্রাফ দিচ্ছেন। অনেক সময় তার ভক্তরা মন খারাপ করতেন অটোগ্রাফ নিতে না পেরে। সারাদিন তিনি পরিশ্রম করতেন কিন্তু মুখে হাসি লেগেই থাকতো। আরেক জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন-এর ক্ষেত্রেও ঠিক এরকমটি দেখা যেতো।

হুমায়ূন আহমেদ লিখলেনও প্রচুর। একই সাথে টেলিভিশন নাটকগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেল। তিনি নাটক লিখতে এসেছিলেন একটি রঙিন টেলিভিশন কিনবেন বলে। কারণ তখন বই লিখে যে সম্মানী পাওয়া যেতো তার চেয়ে বেশি সম্মানী পাওয়া যেতো টেলিভিশনে নাটক লিখে। সেজন্য তিনি ভাবলেন টেলিভিশনের জন্য কয়েকটা নাটক লিখবেন সেখান থেকে যে সম্মানী পাবেন সেটা দিয়ে তিনি একটি রঙিন টেলিভিশন কিনবেন। সেই রঙিন টেলিভিশনের চেয়ে তার টেলিভিশন নাটকের জীবনকে আরও বেশি রঙিন করে তুলল। অসম্ভব জনপ্রিয় হয়ে উঠলেন তিনি। তার লেখা নাটক ‘কোথাও কেউ নেই’-এটা কি কখনো ভাবা যায়! একটি নাটক মানুষকে কতটা আলোড়িত করেছিল। নাটকের চরিত্রের জন্য মিছিল পর্যন্ত হয়েছিল। তার গল্প, উপন্যাস যতটা জনপ্রিয় ঠিক তেমনি নাটকও।

হুমায়ূন আহমেদ চ্যানেল আইয়ের একটি সাক্ষাতকারে বলেছিলেন যে, তিনি সবচেয়ে ভালোবাসেন গান লিখতে। তিনি বেশকিছু গানও লিখেছেন অনেকগুলো জনপ্রিয়ও হয়েছে। একসময় তিনি বললেন, তার পছন্দের তালিকায় চলে এসেছে সিনেমা বানানো। তিনি সিনেমা বানাতে চান। কিন্তু সিনেমা বানাতে যে অর্থ প্রয়োজন তার নিজের কিংবা বন্ধু বান্ধবদের কাছে সেই পরিমাণ টাকা নেই সেটাও তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, তাহলে সবার কাছ থেকে চাঁদা নিয়ে সিনেমা বানাবো। একদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে একটি অনুষ্ঠান করে তার বন্ধুদের ডাকলেন। জানালেন তার ইচ্ছের কথা। সেই অনুযায়ী কিছু টাকাও সংগ্রহ করলেন। সেই টাকা দিয়েই তার প্রথম সিনেমার কাজ শুরু হয়। কিন্তু পরবর্তীতে তিনি এমন কিছু সিনেমা বানালেন সেগুলো শুধু জাতীয় পর্যায় নয় আন্তর্জাতিকভাবেও পুরস্কৃত হলো। আরেকটি ব্যাপার খুব জনসম্মুখে আসেনি। হূমায়ূন আহমেদ একসময় ভাবলেন তিনি ছবি আঁকবেন। সেই ইচ্ছে অনুযায়ী বেশকিছু ছবি তিনি এঁকেছেন। আমার ধারণা এই ছবির সংখ্যা পঞ্চাশের বেশি হবে না। তার ছবি নিয়ে নানা সময়ে নানারকম কথাবার্তা হয়েছে। তিনি যে কয়টি ছবি এঁকে থাকুন সেটা বড় কথা নয়।

আমাদের প্রিয় লেখক, প্রিয় কথাসাহিত্যিক, প্রিয় নাট্যকার যেসব ছবি এঁকেছেন সেগুলের বেশিরভাগই প্রকৃতি বিষয়ে ছিল। ছবি আঁকার সময় কয়েকবার আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি ভীষণ কৌতুকপ্রিয় ছিলেন। হাসি ঠাট্টা করতে পছন্দ করতেন। ছবি আঁকার সময় একরকম আনন্দে থাকতেন। ছবি এঁকে কখনোই ছবিতে স্বাক্ষর করতেন না তিনি। বলতেন, যে সবচেয়ে দাম বেশি দিবে তাকে দেয়ার সময় ছবিতে স্বাক্ষর করে দেবো। সেজন্য এখনো কিছু ছবি রয়ে গেছে যেগুলোতে সত্যিই কোনো স্বাক্ষর করা হয়নি। আবার তিনি যে অনেক দামে কারো কাছে ছবি বিক্রি করেছেন এরকম সত্যতাও খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি যে ছবিগুলো এঁকেছেন তার একটা মূল্যায়ন হওয়া প্রয়োজন। ছবিগুলো, আমেরিকা, বাংলাদেশ কিংবা কারো ব্যক্তিগত সংগ্রহে থাকুক কিংবা পারিবারিকভাবে কারো কাছে থাকুক, বই যেভাবে আলাদা করে সংরক্ষণ করা যায় তেমনিভাবে ছবিগুলোও সংরক্ষণ করা প্রয়োজন।

আমার চাওয়া তার এই ছবিগুলোর মূল্যায়ন। কারণ তার মতো মেধাবী লেখক যখন যেটায় হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। আমি যে সাক্ষাতকারটির কথা বললাম সেখানে আবদুন নূর তুষারকে তিনি বলেছিলেন গান লিখে খুব আনন্দ পান। ছবি আঁকার সময়েও তিনি আনন্দ পেতেন। আর তার প্রতিটি ছবিরই হয়তো কোনো না কোনো আলাদা অর্থ বা ভাবনা রয়েছে। আলাদা ব্যাখ্যা রয়েছে।

আমরা যেভাবে তার বইয়ের প্রদর্শনী করছি। সপ্তাহব্যাপী নাটক সিনেমা প্রচার করছি সেভাবেই এই ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী হওয়া প্রয়োজন। তাহলে আমরা আরেকজন অচেনা হুমায়ূন আহমেদকে নতুন করে খুঁজে পাবো। আমরা যদি এই দায়িত্বটুকু পালন করি তাহলে আগামী প্রজন্মের কাছে একজন পূর্ণাঙ্গ হুমায়ূন আহমেদকে উপস্থাপন করতে সক্ষম হবো। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারবো ইনিই আমার হুমায়ূন, তোমাদের হুমায়ূন আহমেদ।

হুমায়ূন আহমেদ তার রং আর তুলি দিয়ে প্রকৃতির কথা বলেছেন। প্রকৃতির কথা বলা মানেই তো বাংলাদেশের কথা বলা। তিনি তার ছবিতে নানাভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন। প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি। আর প্রকৃতিকে ভালোবাসা মানেই তো বাংলাদেশকে ভালোবাসা। তার লেখা গানের ভেতরও আমরা প্রকৃতিকে খুঁজে পাই। দেশকে খুঁজে পাই। যখন তিনি বলেন-
ও আমার উড়াল পঙ্খীরে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে…

বিষয়:আমার হুমায়ূন টেলিভিশন নাটক সিনেমা হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…