টি-টুয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই এ-তে সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছে দেশটি। টি-টুয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল ব্রিটিশ রাজ্যভুক্ত স্বায়ত্তশাসিত দেশ আইল অব ম্যান। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও মঙ্গোলিয়া। চলতি বছর জাপানের বিপক্ষে ১২ রানে এবং হংকংয়ের বিপক্ষে ১৭ রানে থেমেছিল তারা।
বাঙ্গিতে বৃহস্পতিবার সকালে টসে জিতে মঙ্গোলিয়াকে আগে ব্যাটে পাঠায় সিঙ্গাপুর। ১০ ওভার ব্যাট করে ১০ রানে থামে তাদের ইনিংস। জবাবে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে সিঙ্গাপুরের লাগে ৫ বল। অবশ্য একটি উইকেট হারিয়েছে তারা।
মঙ্গোলিয়ান ব্যাটারদের পাঁচজন রানের খাতা খুলতে পারেননি। দুই রান করেছেন দুজন। এক রান করে এসেছে চারজনের ব্যাট থেকে। বাকি দুই রান এসেছে অতিরিক্ত থেকে।
সিঙ্গাপুরের বোলার হার্শা ভরদ্বাজ ৪ ওভারে দুই মেডেনসহ ৩ রান খরচায় ৬ উইকেট নেন। অক্ষয় পুরি নেন দুটি উইকেট।







