চলতি অ্যাশেজে ইংলিশদের নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সাবেক অধিনায়ক মাইকেল ভনের কপালে। তার মনে হচ্ছে দলটি যদি এখনই ঘুড়ে দাঁড়াতে সতর্ক না হয়, তারা অস্ট্রেলিয়ার মাটিতে শিকার হতে পারে ৫-০তে হোয়াইটওয়াশের।
অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে পার্থ ও ব্রিসবেনে হেরে ২-০তে পিছিয়ে পড়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্ট অজিরা জয় পায় ৮ উইকেটে। গ্যাবায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা জেতে ৮ উইকেটেই। অ্যাডিলেড ওভালে ১৭ ডিসেম্বর তৃতীয় টেস্টে নামবে দুদল।
গ্যাবায় দিবারাত্রির টেস্টে ইংলিশদের ব্যাটিং ব্যর্থতা ছিল দৃশ্যমান। চতুর্থ দিনে গড়ানো খেলায় দ্বিতীয় ইনিংসে রুটরা ৬৫ রানের লক্ষ্য দিতে পারে অজিদের। প্রথম টেস্টে তারা হেরেছিল দুদিনেই।
ভন বলছেন, ‘এটা বলতে অস্বস্তি হলেও, ইংল্যান্ড যদি সতর্ক না হয় ৫-০তে অ্যাশেজ হারবে। দলের মধ্যে এমনকিছু দেখিনি যে তারা দুম্যাচের মধ্যে একটি জিততে পারত। যদিও তারা ভালো দল। এখনই যদি তারা উন্নতির চিন্তা না করে, দলের কম্বিনেশন অধিকতর খারাপের দিকে যেতে পারে।’
‘অ্যাডিলেডে কিছু পরিবর্তন আনতে হবে দলে। অলি পোপের পজিশন নিয়েও তাদের ভাবতে হবে। জ্যাকব বেথলকে একাদশে এনে স্টোকসকে তিনে ও বেথেলকে ছয়ে পাঠাতে হবে। যদিও বেথেলকে দলে আনা অনেক বড় ঝুঁকিও হবে। তিনি এখনও টেস্টে সেঞ্চুরির দেখা পাননি।’
অস্ট্রেলিয়া অ্যাশেজের ইতিহাসে এখনও ৫-০তে সিরিজ হারেনি। ইংলিশরা তিনবার হোয়াইটওয়াশ হয়েছে। ১৯২০-২১, ২০০৬-০৭ ও ২০১৩-১৪ সেশনে ৫-০তে হেরেছিল ইংল্যান্ড।







