বিনোদন

শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এ কড়া নিরাপত্তা

শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এ কড়া নিরাপত্তা

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে উৎসব। প্রতিবছরের মতো এবারও ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত। তবে ভক্তদের এই উচ্ছ্বাসের মধ্যেই নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ।

সোমবার ভোর রাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করতে শুরু করেন শাহরুখের অনুরাগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ির সামনে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মান্নাতের সামনে আসা গাড়িগুলোও তল্লাশি করতে দেখা গেছে পুলিশকে।

শাহরুখের জন্মদিন প্রতিবছরই ভক্তদের কাছে বিশেষ এক উপলক্ষ। এই দিনে প্রিয় তারকার এক ঝলক দেখতে দূরদূরান্ত থেকে মুম্বাইয়ে ছুটে আসেন তারা। অনেক সময় বাড়ির বারান্দায় বা বিশেষ জায়গায় দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান শাহরুখও।

এবারও মান্নাতের সামনে অপেক্ষমাণ এক ভক্ত সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখের জন্মদিনে পুরো দেশেই বিশেষ আবহ তৈরি হয়, তবে মুম্বাইয়ের পরিবেশ থাকে অন্যরকম। থিয়েটার থেকে টেলিভিশন, এরপর সিনেমায় শাহরুখের দীর্ঘ পথচলার প্রশংসা করে তিনি বলেন, শুধু অভিনয় নয়, মানুষের সঙ্গে তার আচরণ ও ব্যক্তিত্বই তাকে সবার কাছে বিশেষ করে তুলেছে।

এদিকে ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন শাহরুখ। নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশের মাধ্যমে জন্মদিনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন তিনি। ‘তু মিল যায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। পর্দায় দুজনের রোমান্টিক রসায়ন ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ইংরেজি র‍্যাপ লিখেছেন এড শিরান। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর এবং গানের কথা লিখেছেন কুমার।

গানটির শুরুতে শাহরুখের সংলাপ, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ…’ দিয়ে ‘কিং’-এর জগতে প্রবেশ করেন দর্শক। এরপর শাহরুখ ও দীপিকাকে বিভিন্ন রোমান্টিক মুহূর্তে দেখা যায়। কখনো ক্যাফেতে, কখনো সমুদ্রসৈকতে, আবার কখনো একান্ত সময় কাটাতে দেখা যায় তাদের। তবে গল্পের মোড় ঘুরে যায় যখন শাহরুখের চরিত্রের সঙ্গে অবৈধ চোরাচালানের যোগসূত্র সামনে আসে। এতে সিনেমাটির অ্যাকশন ও অপরাধজগতের আবহ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এএনআই

বিষয়:অরিজিৎ সিং কিং দীপিকা বলিউড শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…