গত জুলাইয়ে লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর সবমিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন। মেজর লিগ সকারের সব ম্যাচেই নেমেছেন। বেশিরভাগেই শুরুর একাদশে ছিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা। কোনো ম্যাচেই এখনও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি। মেসি আসায় হারের কথা ভুলতে বসেছে আগে টানা হারতে থাকা দলটি। এমন সময়ে আর্জেন্টিনার জন্য মিয়ামির এক ম্যাচে অনুপস্থিত থাকবেন তিনি।
১০ সেপ্টেম্বর স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে মেসিকে পাবে না মিয়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি আসার পর থেকে তাকে ছাড়া মিয়ামির এটাই হবে প্রথম ম্যাচ। কঠিন পরীক্ষাই অপেক্ষায় যুক্তরাষ্ট্রের ক্লাবটির।
ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার বাছাই মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচের জন্য মেসিকে অধিনায়ক রেখে ইতিমধ্যে দল দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
৮ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর, পাঁচদিন পর বলিভিয়ার বিপক্ষে আকাশী-নীলরা মাঠে নামবে। সেই ম্যাচের পর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আবারও মিয়ামির জার্সিতে যুক্তরাষ্ট্রের মাঠে ফিরবেন মেসি।
মিয়ামির কোচ টাটা মার্টিনো অবশ্য আগে থেকেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। গত সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ের পর ৬০ বর্ষী মার্টিনো জানিয়েছিলেন, তিন ম্যাচের জন্য শিষ্যকে পাবেন না। মহাতারকাকে ছাড়া জয়ে অভ্যস্ত হতে চান। এমএলএস চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসিকে ছাড়বেন না বলেও জানিয়েছিলেন।
সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। নিজে জালের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে দুই গোল করিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। মেসি এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন ইতিমধ্যেই।







