আন্তর্জাতিক

ইরানের ছায়া ব্যাংকিংয়ে ১৪.৭ বিলিয়ন ডলার লেনদেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ছায়া ব্যাংকিংয়ে ১৪.৭ বিলিয়ন ডলার লেনদেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত।

ইরানের কথিত ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় ইরানসহ চারটি অঞ্চলের ৮ ব্যক্তি ও ২২টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অবস্থান ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশটির আর্থিক লেনদেনে সহায়তা করছে। এ নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আর্থিক কার্যক্রম শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন)।

নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত একটি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান।

মার্কিন ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে দেশটিতে অর্থ স্থানান্তরে ভূমিকা রাখে। এ ক্ষেত্রে ইরান এক্সচেঞ্জ সেন্টার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। বিভিন্ন উৎস থেকে আসা অর্থ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি সহায়তা করে।

সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ওপর চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ইরানের অর্থনৈতিক স্বার্থ ও অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক সীমিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে সর্বশেষ এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিষয়:ইরান ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা মার্কিন ট্রেজারি বিভাগ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…