বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মা ও তার শিশু সন্তান। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালীর নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে জানান ওসি।






