মার্কিন ড্রোন ধ্বংসে দাবি ইরানের, হরমুজে তিন জাহাজে আগুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সঙ্গে নৌপথটিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথাও জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এসব ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ধ্বংস করেছে। তবে ড্রোনটি কীভাবে বা কোন পরিস্থিতিতে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে একই দিন গভীর রাতে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর তিনটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে। ইরানের সামরিক বাহিনী এই ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা এসব হামলা ও বিস্ফোরণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের কথাও জানিয়েছে আইআরজিসি।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী। দেশটির কর্তৃপক্ষের অনুমোদিত নৌপথ অনুসরণ না করে অন্য কোনো পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা অমান্য করলে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে ইরান জানিয়েছিল, তাদের নির্ধারিত পথ ও অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে এই সতর্কবার্তা জারি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এই নৌপথে সামরিক উত্তেজনা বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার বড় ধরনের প্রভাব পড়তে পারে।





