কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা, আমদানিতে কয়েক গুণ ব্যয় বেশি

এআই ছবি
কৃষিপণ্য রপ্তানি করে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ। তবে খাদ্য ও কৃষিপণ্যের চাহিদা মেটাতে আমদানিতে ব্যয় হচ্ছে এর কয়েক গুণ বেশি। চাল, গম, ভোজ্যতেল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য এখনও বিদেশের ওপর নির্ভরশীল দেশটি। একদিকে কৃষিপণ্য রপ্তানির বাজার সম্প্রসারিত হচ্ছে, অন্যদিকে আমদানি ব্যয়ও বাড়ছে। ফলে কৃষি খাতের উৎপাদন সক্ষমতা, সংরক্ষণব্যবস্থা ও রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বাংলাদেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও আন্তর্জাতিক বাজারে রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না। গত পাঁচ অর্থবছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শুরুতে কৃষিপণ্য রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি থাকলেও ২০২২-২৩ অর্থবছরে বড় ধরনের পতন ঘটে। পরবর্তী দুই অর্থবছরে আয় কিছুটা বাড়লেও আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে পারেনি বাংলাদেশ। এমনকি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরেও কৃষিপণ্য রপ্তানি আয় ১০০ কোটি ডলারের সীমা অতিক্রম করতে পারেনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় ছিল প্রায় ১০২ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১১০ কোটি ডলারে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় প্রায় ২৫ শতাংশ কমে ৮২ কোটি ৭১ লাখ ডলারে নেমে আসে। এরপর ২০২৩-২৪ অর্থবছরে আয় বেড়ে হয় ৯৬ কোটি ৪৩ লাখ ডলার। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়ায় ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে।
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ আয় হওয়ার পর বড় ধরনের পতন এবং পরবর্তী সময়ে সীমিত প্রবৃদ্ধি খাতটির রপ্তানি সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ অর্থবছরে আগের বছরের তুলনায় আয় বেড়েছে ২ দশমিক ৫২ শতাংশ। তবে ২০২১-২২ অর্থবছরের তুলনায় এখনো প্রায় ১০ শতাংশ কম। দেশের মোট পণ্য রপ্তানি আয়ে কৃষিপণ্যের অবদানও প্রায় ২ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
তামাক ও শুকনো খাদ্যপণ্যে বেশি আয়
কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তামাক ও তামাকজাত পণ্য থেকে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ১৯ লাখ ডলার। শুকনো খাদ্যপণ্য থেকে ১৮ কোটি ৬৬ লাখ, উদ্ভিজ্জ চর্বি ও তেল থেকে ১১ কোটি ৮০ লাখ, সবজি থেকে ৮ কোটি ১১ লাখ এবং ফল রপ্তানি করে ৬ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এ ছাড়া মসলা রপ্তানি থেকে এসেছে ৫ কোটি ৬৩ লাখ ডলার।
বাংলাদেশের কৃষিপণ্যের বড় বাজার ভারত। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে কৃষিপণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় ২১ কোটি ১৫ লাখ ডলার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রেও উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য রপ্তানি হয়। এসব দেশে দেশীয় ফল, সবজি, পানপাতা, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা রয়েছে। বর্তমানে ১৩০টিরও বেশি দেশে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
রপ্তানির তুলনায় আমদানিতে ব্যয় কয়েক গুণ

কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা থাকলেও খাদ্যপণ্যের আমদানিনির্ভরতা এখনো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শুধু চাল ও গম আমদানিতেই ব্যয় হয়েছে ২৩০ কোটি ৬১ লাখ ডলার। এর মধ্যে গম আমদানিতে ১৬২ কোটি ৩৭ লাখ এবং চাল আমদানিতে ৬৮ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে। একই সময়ে ভোজ্যতেল আমদানিতে ২৭১ কোটি ৫১ লাখ, চিনি আমদানিতে ১১০ কোটি ২৯ লাখ এবং ডাল আমদানিতে ৯৪ কোটি ৬১ লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ।
এসব পণ্যের বড় একটি অংশ আসে কয়েকটি নির্দিষ্ট দেশ থেকে। ভারত থেকে চাল, পেঁয়াজ, গম, ডাল, মসলা, ফল ও সবজি আমদানি করা হয়। ব্রাজিল থেকে আসে চিনি, সয়াবিন ও ভুট্টা। আর্জেন্টিনা সয়াবিন তেল ও খাদ্যশস্যের অন্যতম উৎস। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসে পাম অয়েল। অন্যদিকে গম আমদানিতে রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ার ওপর নির্ভরতা রয়েছে।
বিশেষ করে ভোজ্যতেলের বাজারে আমদানিনির্ভরতা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশে আমদানি করা পাম অয়েলের প্রায় ৯৭ শতাংশ এসেছে ইন্দোনেশিয়া থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে দেশের বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
আন্তর্জাতিক বাজারে অনেক পিছিয়ে বাংলাদেশ
গত ২১ নভেম্বর রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে প্রাণ গ্রুপ।
কর্মশালায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক বাজারের শীর্ষ দেশগুলোর তুলনায় অবস্থান অনেক পিছিয়ে। এ খাতে ১৪১ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের আয় ৬২ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এ ছাড়া থাইল্যান্ডের ৫২ দশমিক ১৯ বিলিয়ন এবং ভারতের আয় ৪৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপরীতে, বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি আয় মাত্র ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালের মতে, কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বড় সুযোগ রয়েছে। বিশেষ করে উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করা, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে পারলে রপ্তানি আয় বাড়ানো সম্ভব।
উৎপাদন বাড়লেও মান ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি

অর্থনীতিবিদদের মতে, ফল, সবজি, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রবেশের সুযোগ রয়েছে। কাঁঠাল, আনারসসহ দেশীয় ফলের রপ্তানিও বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ফল রপ্তানি থেকে আয় ছিল ৫৮ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৬ কোটি ৭৫ লাখ ডলারে দাঁড়িয়েছে।
তবে সম্ভাবনা থাকলেও কৃষিপণ্য রপ্তানিতে বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত হিমাগারের অভাব, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে না পারা। ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা, কীটনাশকের অবশিষ্টাংশ ও পণ্যের মান নিয়ন্ত্রণের কঠোর শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি কাঁচা কৃষিপণ্যের পরিবর্তে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সক্ষমতাও বাড়ানো জরুরি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে আমরা এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি। এর অন্যতম কারণ, আমাদের কৃষি উৎপাদনব্যবস্থা এখনো মূলত দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণকেন্দ্রিক। আন্তর্জাতিক বাজারে কোন ধরনের কৃষিপণ্যের চাহিদা রয়েছে, ক্রেতাদের পছন্দ কেমন এবং পণ্যের গুণগত মান কী হওয়া প্রয়োজন-এসব বিষয় বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে।
তিনি বলেন, শুধু উৎপাদন বেশি হলেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। কোন কৃষিপণ্যের চাহিদা কোথায় রয়েছে, সে সম্পর্কে কৃষকদের পর্যাপ্ত ধারণা নেই। ফলে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনের পরিবর্তে অনেক ক্ষেত্রে প্রচলিত পণ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সততা, স্বচ্ছতা এবং গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। অধিক মুনাফার আশায় অননুমোদিত উপাদান কিংবা ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। উদাহরণ হিসেবে চিংড়ি রপ্তানির কথা উল্লেখ করা যায়। একসময় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির ভালো অবস্থান থাকলেও বিভিন্ন সময়ে জেল ও কৃত্রিম রঙের মতো অপদ্রব্য ব্যবহারের অভিযোগ এবং মানগত অনিয়ম রপ্তানি খাতের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ মান নিয়ন্ত্রণ, উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানি সক্ষমতা বাড়িয়েছে।
অধ্যাপক সাইদুর রহমানের মতে, কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন পরীক্ষাগার গড়ে তোলা জরুরি। দেশের অনেক পরীক্ষাগারের প্রতিবেদন বিদেশি ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় রপ্তানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। তাই পণ্যের রাসায়নিক উপাদান, কীটনাশকের অবশিষ্টাংশ ও খাদ্যনিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।
এ ছাড়া কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে, কোন মৌসুমে চাহিদা বেশি এবং কী ধরনের প্যাকেজিং ও সনদ প্রয়োজন, সে তথ্য কৃষক ও রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে হবে। উৎপাদনের আগেই বাজারের চাহিদা বিশ্লেষণ করে পণ্য উৎপাদনের পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে আধুনিক হিমাগার, সংগ্রহকেন্দ্র, প্যাকেজিং সেন্টার এবং কোল্ড চেইন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
রপ্তানি বাড়াতে সরকারের উদ্যোগ
কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বর্তমান সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারে নতুন ক্রেতা তৈরি এবং রপ্তানিপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্যাকেজিং ও পরিবহনের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
কৃষিপণ্য রপ্তানির প্রক্রিয়া সহজ করতে ২০২৬ সালের ৬ জুলাই ঢাকার গাবতলীতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) কেন্দ্র উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কেন্দ্রের মাধ্যমে কৃষিপণ্য শোধন, প্যাকেজিং ও কোয়ারেন্টিনসংক্রান্ত কার্যক্রম একই জায়গা থেকে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া রপ্তানির জন্য প্রস্তুত ফলমূল ও অন্যান্য পণ্যের গুণগত মান ধরে রাখতে বিমানবন্দরে তাপমাত্রা নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। রপ্তানি পরিবহন ব্যয় কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা এবং কার্গো পরিবহন সুবিধা বাড়ানোর উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ বা প্রণোদনা ঘোষণা করলেই রপ্তানি আয় বাড়বে না। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান নিশ্চিত করা, কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষা, আন্তর্জাতিক সনদ গ্রহণ, আধুনিক প্যাকেজিং এবং পরিবহন ব্যয় কমানোর মতো বিষয়গুলোও সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, মানসম্মত কৃষি উপকরণের সহজলভ্যতা এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।
সব মিলিয়ে, বাংলাদেশের কৃষি খাতের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে খাদ্যপণ্যের আমদানিনির্ভরতা কমানো, অন্যদিকে কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো। উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা গেলে কৃষি খাত দেশের খাদ্যনিরাপত্তার পাশাপাশি রপ্তানি আয়েরও গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারে আন্তর্জাতিক মান বজায় রেখে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে।






