প্রবাস সংবাদ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম দেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে এ নামকরণ করা হয়।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা আবহাওয়ায় আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে সড়কটির নামকরণের কার্যক্রম শুরু হয়। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সহযোগিতায় তিনি এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করেন।

সড়কটির অবস্থানের কারণে নামকরণটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এর পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত ১১০ তলা উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। এফ আর খান নামে বিশ্বজুড়ে পরিচিত এই প্রকৌশলীর কীর্তির পাশেই এবার স্থান পেল খালেদা জিয়ার নাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উইলিস টাওয়ার দেখতে প্রতিবছর প্রায় ২৫ লাখ পর্যটক এ এলাকায় আসেন। ফলে নতুন নামকরণ করা সড়কটি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। পরে কাউন্সিলের সদস্যদের সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাবের পক্ষে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্রের সংগ্রামে তার ভূমিকা বিবেচনায় নেওয়া হয়। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থান এবং দেশের বিভিন্ন আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার বিষয়গুলোও তুলে ধরা হয়।

এর আগে ২০১৪ সালে শিকাগোর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘Honorary Ziaur Rahman Way’। এবার খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই শহরে বাংলাদেশের আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম যুক্ত হলো।

বিষয়:বেগম খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে যুক্তরাষ্ট্র সড়কের নামকরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…